বিজেপির গড় বাঁকিপুরে লড়াই, নিজের দলের প্রার্থী প্রশান্ত কিশোর! কি পারবেন বাজিমাত করতে?

পর্দার আড়াল থেকে ভোট পরিচালনা করা প্রশান্ত কিশোর এবার সরাসরি ভোটের ময়দানে। ভোটকুশলী থেকে পুরোদস্তুর রাজনীতিক হয়ে ওঠা প্রশান্ত কিশোর নিজের রাজনৈতিক ক্যারিয়ারে এই প্রথমবার নির্বাচনে লড়তে চলেছেন। বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে জন সুরজ পার্টি (JSP)-র হয়ে প্রার্থী হচ্ছেন খোদ প্রশান্ত কিশোর। রবিবার দলের কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন জন সুরজ পার্টির রাজ্য সভাপতি মনোজ ভারতী।
রাজনৈতিক গ্রহণযোগ্যতার অগ্নিপরীক্ষা: গত বছর বিহার বিধানসভা নির্বাচনে প্রত্যাশা মতো ফল করতে পারেনি প্রশান্ত কিশোরের দল জন সুরজ পার্টি। একটি আসনও না পাওয়ার ধাক্কা সামলে, এবার উপনির্বাচনে দলের প্রতিষ্ঠাতাকেই সামনে রেখে ঘুরে দাঁড়াতে চাইছে দলটি। তবে লড়াইটা সহজ নয়। বাঁকিপুর বিধানসভা কেন্দ্রটি দীর্ঘ কয়েক বছর ধরে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেই আসনেই সরাসরি নিজের রাজনৈতিক গ্রহণযোগ্যতার পরীক্ষা দিতে চলেছেন ‘ভোটগুরু’ খ্যাত প্রশান্ত কিশোর।
বাঁকিপুরে ত্রিমুখী লড়াইয়ের আভাস: প্রশান্ত কিশোরের প্রার্থী হওয়া নিয়ে বিহারের রাজনীতিতে উত্তাপ বেড়েছে। বাঁকিপুরের দীর্ঘদিনের বিধায়ক নিতিন নবীন সম্প্রতি রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়ায় এই আসনটি শূন্য হয়। এই কেন্দ্রটি দখল করতে মরিয়া হয়ে উঠেছে বিরোধী শিবিরও। অন্যদিকে, আরজেডি থেকে বেরিয়ে তৈরি হওয়া লালু-পুত্র তেজ প্রতাপ যাদবের দল ‘জনশক্তি জনতা দল’ (JJD) বাঁকিপুরে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। তেজ প্রতাপের দলের হয়ে লড়াই করবেন পটনার সমাজকর্মী বীণা মানবী। বৈশ্য সম্প্রদায়ের প্রতিনিধি এবং দীর্ঘদিনের সামাজিক কাজের পরিচিতিকেই হাতিয়ার করছে তেজ প্রতাপের দল।
বিজেপি-র দুর্গ বাঁকিপুরে একদিকে ভোটকুশলী প্রশান্ত কিশোরের ক্যারিশমা এবং অন্যদিকে স্থানীয় স্তরে সমাজকর্মী বীণা মানবীর জনপ্রিয়তা—সব মিলিয়ে এই উপনির্বাচন বিহারের রাজনীতিতে অন্যতম আকর্ষণীয় লড়াই হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।