বিজয়ের জনসভায় পদপিষ্ট, মৃতের সংখ্যা বেড়ে ৪১, হাইকোর্ট ও CBI তদন্তের দাবিতে তোলপাড় তামিলনাড়ু রাজনীতি

তামিলনাড়ুর কারুরে অভিনেতা ‘থলপতি’ বিজয়ের (Vijay) রাজনৈতিক দল তামিলাগা ভেট্টরি কাজাগামের (TVK) জনসভায় পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪১ জন। এই মর্মান্তিক দুর্ঘটনায় ১৮ জন মহিলা, ১৩ জন পুরুষ, ৫ জন তরুণী এবং ৫ জন তরুণ-সহ মোট ৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও প্রায় ৬০ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে ৩৪ জনই কারুরের বাসিন্দা।
এই বিরাট ট্র্যাজেডি ঘিরে এখন তামিলনাড়ু রাজনীতিতে শুরু হয়েছে দোষারোপের পালা এবং আইনি পদক্ষেপ।
হাইকোর্ট ও CBI তদন্তের দাবি:
জনসভায় এই মৃত্যুমিছিল নিয়ে স্বচ্ছ তদন্তের দাবিতে সোমবার বেলা ২.১৫ নাগাদ মাদ্রাজ হাইকোর্টে TVK-এর আবেদনের শুনানি হবে। এস আরিভাঝাগানের নেতৃত্বে আইনজীবীরা বিচারপতি এম ধান্দাপানির কাছে এই ট্র্যাজেডির তদন্তভার CBI অথবা বিশেষ তদন্তকারী দলের (SIT) হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়েছেন। আইনজীবীরা আদালতের কাছে স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করারও আর্জি জানিয়েছেন।
অন্যদিকে, এই দুর্ঘটনার পেছনে বড় ষড়যন্ত্রের গন্ধ পেয়ে TVK পক্ষ থেকে জাতীয় মানবাধিকার কমিশনের কাছেও মামলা দায়ের করা হয়েছে।
বিজয়-এর বাসভবনে বোমার হুমকি:
এই চরম উত্তেজনার আবহেই রবিবার TVK-এর প্রধান এবং অভিনেতা বিজয়ের চেন্নাইয়ের বাসভবনে বোমার হুমকি আসার পর নিরাপত্তা জোরদার করা হয়। নীলঙ্কারাইয়ের তাঁর বাড়িতে দ্রুত স্নিফার কুকুর এবং বোমা নিষ্ক্রিয়কারী দল মোতায়েন করা হয়। স্থানীয় পুলিশ প্রায় ১৫ জন অতিরিক্ত কর্মীর সাহায্যে অভিনেতার বাড়ির নিরাপত্তা বেষ্টনী জোরদার করেছে এবং হুমকির সূত্র তদন্তে নেমেছে।
TVK-এর বিরুদ্ধে মামলা দায়ের:
কারুরের এই দুর্ঘটনা যে চরম গাফিলতির ফল, সেই অভিযোগ তুলে TVK-এর বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেছেন পদপিষ্টের শিকার হওয়া সেন্থিলকান্নান। তাঁর দাবি, ঘটনার নিরিখে সুরক্ষা প্রোটোকল নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজ্য পুলিশকে বিজয় এবং TVK-এর আর কোনও সমাবেশের অনুমতি দেওয়া থেকে বিরত রাখতে হবে। এই মর্মে কারুর পুলিশের কাছেও একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।