বিক্ষোভ ও বিতর্কের মধ্যেই SSC-র বড় পদক্ষেপ, ২৬ নভেম্বর থেকে শুরু একাদশ-দ্বাদশের ইন্টারভিউ

চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, দুর্নীতির অভিযোগ এবং হাইকোর্টে মামলার তীব্র বিতর্কের মধ্যেই স্কুল সার্ভিস কমিশন (SSC) একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা করল। মঙ্গলবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, আগামী ২৬ নভেম্বর থেকে আঞ্চলিক অফিসগুলিতে এই সাক্ষাৎকার প্রক্রিয়া শুরু হবে।

সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের পর নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে SSC। নবম-দশম ও একাদশ-দ্বাদশের লিখিত পরীক্ষা আগেই সম্পন্ন হয়েছে। এরপর একাদশ-দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হলেও তা ঘিরে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। অভিযোগ ওঠে— হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও ‘দাগি প্রার্থীরা’ পরীক্ষায় বসেছেন এবং তাঁদের মধ্যে কয়েকজন ইন্টারভিউয়ের জন্য ডাকও পেয়েছেন। এমনকি, একাদশ-দ্বাদশের তালিকায় ক্লার্ক পদের প্রার্থীদের নামও থাকার অভিযোগ উঠেছে। অনেক নতুন প্রার্থী ৬০ নম্বর পেয়েও যখন চাকরি থেকে বঞ্চিত, তখন ‘কাট অফ’ ৭০ শতাংশের বেশি হওয়ার পরও পুরোনোদের সুযোগ দেওয়া হচ্ছে, এই অভিযোগে উত্তাল হয় পরিস্থিতি। যদিও, কমিশন দাবি করেছে, বিশেষভাবে সক্ষমদের জন্য নির্দিষ্ট নির্দেশের অভাবই এই সমস্যার কারণ।

ইন্টারভিউয়ের দিন ঘোষণার ঠিক কয়েক ঘণ্টা আগেই করুণাময়ীর সামনে শূন্যপদ বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখান নতুন ও পুরোনো চাকরিপ্রার্থীরা। পুলিশি ধরপাকড়ও চলে সেখানে। সেই উত্তাল আবহেই তড়িঘড়ি ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করে দিল কমিশন। সব মিলিয়ে, নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না SSC-র।