কলকাতা বিমানবন্দরে ট্র্যাজেডি, বোর্ডিংয়ের লাইনে দাঁড়ানো অবস্থাতেই মৃত্যু রাজস্থানগামী যুবকের

রাজস্থান যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে বোর্ডিং লাইনে দাঁড়িয়েছিলেন ২৭ বছর বয়সী তরুণ যাত্রী শচীন কুমার মিনার। হাতে আর মাত্র কয়েক মিনিট। কিন্তু সেই অপেক্ষার মধ্যেই নেমে এল চরম ট্র্যাজেডি। হঠাৎ পেটে ও বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। এরপর বিমানবন্দর কর্মীদের অসুস্থতার কথা জানাতে না জানাতেই জ্ঞান হারান শচীন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে গোটা বিমানবন্দর কার্যত স্তব্ধ হয়ে যায়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, মৃত যাত্রী শচীন কুমার মিনার রাজস্থানের বাসিন্দা। তিনি ইন্ডিগো এয়ারলাইন্সের ৬ই ৪৯১ বিমানযোগে আগরতলা থেকে দুপুর ১টা ৫১ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছান। এরপর সেখান থেকে ইন্ডিগোর ৬ই ৬৪২৬ বিমান ধরে তাঁর জয়পুর যাওয়ার কথা ছিল। সেই কারণে তিনি গেট নম্বর ১৪-এ বোর্ডিংয়ের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন।
বোর্ডিংয়ের ঘোষণা চলছিল। আচমকাই তীব্র পেটে ও বুকে ব্যথা শুরু হয় শচীনে। অসহ্য যন্ত্রণায় তিনি কর্মীদের সাহায্য চান। কর্মীরা তাঁকে শৌচালয়ের দিকে নিয়ে যাওয়ার সময়ই সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে বিমানবন্দরের মেডিকেল টিম ছুটে আসে। দ্রুত তাঁকে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তরুণ যাত্রীর এভাবে অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কলকাতা বিমানবন্দরে।