বাস-লরির রেষারেষিতে বাঁকড়ায় মর্মান্তিক মৃত্যু! সাইকেল আরোহীকে পিষে মারতেই জনরোষ, আটক ঘাতক চালক

বাস ও লরির রেষারেষির কারণে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল বাঁকড়া বাজারে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনিবাসের ধাক্কায় প্রাণ হারালেন এক সাইকেল আরোহী। এই দুর্ঘটনা ঘিরেই এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং উত্তেজিত জনতা বাস চালককে মারধর করে।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, আজ সকালে বাঁকড়া পার্কসার্কাস রুটের একটি মিনিবাস বাঁকড়া থেকে যাওয়ার সময় একটি লরিকে ওভারটেক করার চেষ্টা করে। বাসটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে থাকা সাইকেল আরোহী সৌমেন চক্রবর্তীকে সজোরে ধাক্কা মারে।
স্থানীয়রা সঙ্গে সঙ্গে আহত সৌমেন চক্রবর্তীকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সৌমেন চক্রবর্তী বাঁকড়ারই বাসিন্দা।
জনতার গণপিটুনি, আটক বাস ও লরি
সাইকেল আরোহীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বাঁকড়া বাজারে উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা বাস চালককে ধরে মারধর শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে বাঁকড়া ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনরোষের হাত থেকে বাস চালককে উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘাতক মিনিবাস ও যে লরিটিকে ওভারটেক করা হচ্ছিল, সেই লরিটিকেও আটক করা হয়েছে। দুর্ঘটনার পর বাস চালক ও লরির চালক—উভয়কেই আটক করা হয়েছে। কীভাবে বাস ও লরির এই রেষারেষি প্রাণঘাতী হলো, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।