বাজারে চড়া দাম, তবুও কৃষকের হাতে শূন্য, পূর্বস্থলীর পটল চাষে চরম বিপর্যয়

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী সবজির ভাণ্ডার হিসেবে পরিচিত হলেও, এবার সেখানকার কৃষকদের মাথায় হাত পড়েছে। বাজারে পটলের দাম ভালো থাকলেও, ফলন না হওয়ায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। একটানা বৃষ্টির কারণে পটল চাষে দেখা দিয়েছে এক অপ্রত্যাশিত বিপর্যয়।

পূর্বস্থলী ২ ব্লকের বিশ্বরম্ভা এলাকার কৃষকরা প্রতি বছর পটল চাষ করে জীবিকা নির্বাহ করেন। এ বছরও তারা ভালো ফলনের আশায় জমি চাষ করে, সার ও ওষুধে মোটা টাকা খরচ করেছিলেন। কিন্তু বর্ষার শুরুতে অবিরাম বৃষ্টির কারণে পটল গাছে ‘ধসা’ রোগ লেগেছে এবং বহু গাছ শুকিয়ে যাচ্ছে। ফলে, ফলন প্রায় নেই বললেই চলে।

এই সময়টা সাধারণত চাষিদের জন্য খুবই লাভজনক হয়, কারণ দুর্গাপূজার আগে বাজারে পটলের চাহিদা বাড়ে এবং দাম ঊর্ধ্বমুখী থাকে। কিন্তু এবার চিত্রটা একেবারেই ভিন্ন। বিশ্বরম্ভা এলাকার কৃষক বুদ্ধদেব মাঝি বলেন, “ওষুধ দিয়েও কাজ হচ্ছে না। গাছ সব শুকিয়ে যাচ্ছে, ফলন একেবারেই নেই। বাজারে এখন আগের থেকে দাম অনেক ভালো, কিন্তু আমাদের অবস্থা খারাপ, বাজারে জোগান দেওয়া যাচ্ছে না।”

পূর্বস্থলীর বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা যাচ্ছে। কৃষকদের এই অপ্রত্যাশিত লোকসান স্থানীয় অর্থনীতির ওপর একটি বড় প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।