বাঙালি মন জয়ের নয়া কৌশল, বাংলা দখলে দুর্গাপূজাকেই ‘হাতিয়ার’ বিজেপির

পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্মীয় আবেগ এবং বাঙালি সংস্কৃতি বরাবরই এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আবারও সেই আবেগকে কাজে লাগাতে চাইছে বিজেপি। ২০২১ সালের নির্বাচনে ‘বহিরাগত’ তকমা দিয়ে তৃণমূল কংগ্রেসের আক্রমণের মুখে পড়েছিল বিজেপি। এবার সেই একই সুর আবার শোনা যাচ্ছে তৃণমূলের কণ্ঠে। এই পরিস্থিতিতে, বিজেপি এবার নিজেদের ‘বাঙালির পার্টি’ হিসেবে তুলে ধরতে আবারও হাতিয়ার করছে দুর্গাপুজোকে।
২০২০ সালে বিজেপির দুর্গাপুজোকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ হয়েছিল। সল্টলেকের ইজেডসিসি-তে সেই বছরের পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। সেই সময় বিজেপি ‘জয় শ্রীরাম’ স্লোগানের পাশাপাশি ‘জয় মা দুর্গা’ স্লোগানকেও নিজেদের প্রচারে যুক্ত করেছিল। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর সেই উৎসাহে ভাটা পড়ে। মুকুল রায় ও সব্যসাচী দত্তের মতো তৎকালীন বিজেপি নেতা, যাদের উদ্যোগে এই পুজো শুরু হয়েছিল, তারা এখন তৃণমূল শিবিরে। এরপর ২০২২ সালে ছোটো করে পুজো হলেও, পরের দুই বছর তা বন্ধই ছিল।
তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই আবারও বাঙালির আবেগকে নিজেদের পক্ষে টানতে উঠেপড়ে লেগেছে বিজেপি। সম্প্রতি রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য ও অন্যান্য নেতৃত্বরা বেশ জাঁকজমক করে পুজোর খুঁটিপুজো সারলেন। পুজোর দায়িত্বে রয়েছেন রাজ্য বিজেপির সাংস্কৃতিক সেলের প্রধান রুদ্রনীল ঘোষ। এবার তাদের স্লোগান শুধু ‘জয় শ্রীরাম’ নয়, বরং ‘জয় মা দুর্গা’ ও ‘জয় মা কালী’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতেও এই স্লোগান শোনা গিয়েছে, যা স্পষ্ট ইঙ্গিত দেয় যে বাঙালির ধর্মীয় ও সাংস্কৃতিক আবেগকে গুরুত্ব দিতে চাইছে দল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল কংগ্রেস যখন ‘বহিরাগত’ এবং ‘বাঙালিদের উপর হেনস্থা’-র মতো ইস্যু তুলে বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা করছে, তখন দুর্গাপূজোর মতো একটি সর্বজনীন উৎসবের মাধ্যমে বিজেপি নিজেদের বাঙালি সমাজের মূলধারার অংশ হিসেবে প্রমাণ করতে চাইছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও ২০২১ সালের লড়াইয়েরই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে, যেখানে একদিকে তৃণমূল বাঙালি আবেগ নিয়ে আক্রমণ শানাচ্ছে, অন্যদিকে বিজেপিও সেই আবেগকে ধরে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে চাইছে। এখন দেখার বিষয়, দুর্গাপূজোর এই কৌশল আগামী নির্বাচনে বিজেপির জন্য কতটা ফলপ্রসূ হয়।