বাংলায় বেকারত্ব কমল ৪০%! ব্যবসায়ীদের জন্য নতুন ‘ওয়েলফেয়ার বোর্ড’ গড়লেন মমতা

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের ব্যবসায়ী মহলের জন্য বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক ব্যবসায়ী সম্মেলন থেকে তিনি ‘পশ্চিমবঙ্গ ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড’ গঠনের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রীর লক্ষ্য, ব্যবসায়ীরা যাতে নিজেদের সমস্যার সমাধান নিজেরাই দ্রুত করতে পারেন এবং সরকারের সঙ্গে সরাসরি সমন্বয় বজায় রাখতে পারেন।

এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী বাংলার অর্থনৈতিক উন্নয়নের এক উজ্জ্বল ছবি তুলে ধরেন। নীতি আয়োগের রিপোর্টের উল্লেখ করে তিনি জানান, বাম শাসনের অবসানের পর রাজ্যে বেকারত্ব প্রায় ৪০ শতাংশ কমেছে। পাশাপাশি, বাংলার রফতানি ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। বাংলাকে বিনিয়োগের আদর্শ স্থান হিসেবে উল্লেখ করে তিনি কলকাতা ও শিলিগুড়িতে ‘ট্রেড অ্যান্ড এক্সপোর্টেশন সেন্টার’ এবং ‘বি টু বি’ (B2B) হাব তৈরির পরিকল্পনাও জানান। ব্যবসায়িক জটিলতা কাটাতে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিটি জেলায় এই বোর্ড কার্যকর করার এবং ‘সিঙ্গল উইন্ডো’ সিস্টেম চালুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।