রাজ্য রাজনীতিতে বড়সড় রদবদলের ইঙ্গিত! প্রথম দফার নির্বাচনে ১৫২টি আসনের ফলাফল সামনে আসতেই স্পষ্ট হয়ে গেল জনমতের ঝোঁক। দুই শিবিরই আগে থেকে জয়ের দাবি করলেও, ভোটবাক্স খুলতেই দেখা গেল অভাবনীয় চিত্র। জেলায় জেলায় বইছে ‘গেরুয়া ঝড়’, যার দাপটে কার্যত কোণঠাসা হয়ে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বীরভূম থেকে কোচবিহার, জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ— সর্বত্রই বিজেপির জয়জয়কার। তবে শুধু বিজেপি বা তৃণমূল নয়, লড়াইয়ে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে বাম-কংগ্রেস এবং হুমায়ুন কবীরের দলও।
একনজরে দেখে নিন জেলাভিত্তিক ফলাফল:
বীরভূম ও দুই বর্ধমান: বীরভূমের ১১টি আসনের মধ্যে বিজেপি দখল করেছে দুবরাজপুর, সিউড়ি, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর ও রামপুরহাটের মতো গুরুত্বপূর্ণ আসন। তৃণমূলের হাতে রয়েছে বোলপুর ও নানুরসহ ৫টি আসন। পশ্চিম বর্ধমানের ৯টি আসনের সবকটিতেই ফুটেছে পদ্ম। জিতেন্দ্র তিওয়ারি ও অগ্নিমিত্রা পালের মতো হেভিওয়েট প্রার্থীরা বড় জয় ছিনিয়ে নিয়েছেন।
জঙ্গলমহল (বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম): জঙ্গলমহলে তৃণমূল কার্যত নিশ্চিহ্ন। বাঁকুড়ার ১২টি আসনের ১২টিতেই জিতেছে বিজেপি। চন্দনা বাউড়ি থেকে নীলাদ্রিশেখর দানা— সবাই বড় ব্যবধানে জয়ী। একই ছবি পুরুলিয়া ও ঝাড়গ্রামেও। পুরুলিয়ার ৯টি ও ঝাড়গ্রামের ৪টি আসনের সবকটি এখন বিজেপির দখলে।
মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের ১৫টি আসনের মধ্যে ১৩টি জিতেছে বিজেপি। দিলীপ ঘোষ খড়্গপুর সদরে জয়ী হয়েছেন। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের ১৬টি আসনেই ক্লিন সুইপ করেছে বিজেপি। নন্দীগ্রামে প্রত্যাশিতভাবেই জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী।
মুর্শিদাবাদ ও মালদহ: মুর্শিদাবাদে লড়াই হয়েছে বহুমুখী। এখানে কংগ্রেস ২টি, সিপিএম ১টি এবং হুমায়ুন কবীরের দল AJUP ২টি আসন দখল করেছে। বিজেপি জিতেছে ৮টি আসনে এবং তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৯টি। মালদহের ১২টি আসনের মধ্যে ৬টি করে আসন ভাগ করে নিয়েছে বিজেপি ও তৃণমূল।
উত্তরবঙ্গ: উত্তরবঙ্গে বিজেপির আধিপত্য বজায় রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অধিকাংশ আসনেই ফুটেছে পদ্ম। নিশীথ প্রামাণিক, শঙ্কর ঘোষ এবং শিখা চট্টোপাধ্যায়ের মতো প্রার্থীরা জয়ী হয়েছেন। দার্জিলিং ও কালিম্পং জেলাতেও বিজেপি নিজেদের আধিপত্য ধরে রেখেছে।
প্রথম দফার এই ফলাফল রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার জন্য যথেষ্ট। এখন দেখার, পরবর্তী দফাগুলোতে তৃণমূল এই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারে কি না।





