বাংলায় এবার অ্যাক্টিং স্কুল খুলবেন অনুপম খের! মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কী বললেন অভিনেতা?

দীর্ঘ ২৬ বছরের বিরতি। অবশেষে আবারও টলিপাড়ায় লগ্নি করতে চলেছেন প্রবীণ অভিনেতা অনুপম খের। ঋতুপর্ণ ঘোষের কালজয়ী ছবি ‘বাড়িওয়ালি’ প্রযোজনার পর আর কোনো বাংলা ছবিতে বিনিয়োগ করতে দেখা যায়নি তাঁকে। এবার প্রযোজক ফিরদৌসুল হাসানের সঙ্গে হাত মিলিয়ে অনুপম খের তৈরি করতে চলেছেন নতুন ছবি ‘শুরু থেকে শুরু’। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন শমিক বন্দ্যোপাধ্যায়। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে রাহুল বোস, টোটা রায়চৌধুরী এবং পাওলি দামের মতো সুদক্ষ শিল্পীদের।
ছবির সাংবাদিক সম্মেলনে যাওয়ার আগে অনুপম খের এক বিশেষ সৌজন্য সাক্ষাতে মিলিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। ময়দানের পিডব্লিউডি (PWD) টেন্টে আয়োজিত এই একান্ত বৈঠকে দুই ব্যক্তিত্বের মধ্যেকার পারস্পরিক শ্রদ্ধা ও প্রশংসা ছিল চোখে পড়ার মতো। কথোপকথনের মাঝে উঠে আসে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় ও হৃষিকেশ মুখোপাধ্যায়ের কাজের স্মৃতি। একে অপরের কাজের প্রশংসা করার পাশাপাশি ভবিষ্যতে বাংলার সাংস্কৃতিক অগ্রগতির বিষয়েও ইতিবাচক আলোচনা করেন তাঁরা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুপম খের জানান, “আমি মুখ্যমন্ত্রীকে জানাতে এসেছিলাম যে, ২৬ বছর পর আমার প্রযোজনা সংস্থা ‘অনুপম খের স্টুডিও’ আবারও বাংলায় সিনেমা তৈরি করতে চলেছে। এই ছবির নাম ‘শুরু থেকে শুরু’। আমি মুখ্যমন্ত্রীকে এও বলেছি যে, আপনিও নতুন করে সবকিছু শুরু করুন। আমাদের কাজেও আপনার সহযোগিতা প্রয়োজন।”
কেবল সিনেমা প্রযোজনা নয়, অনুপম খেরের পরিকল্পনা আরও বিস্তৃত। তিনি জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গে তিনি একটি বিশ্বমানের অভিনয় শিক্ষার স্কুল বা অ্যাক্টিং স্কুল তৈরি করতে আগ্রহী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁকে সবরকম সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অনুপম খেরের কথায়, “মুখ্যমন্ত্রী আমাকে কথা দিয়েছেন যে, এই ছবি নির্মাণ এবং বাংলায় অভিনয় স্কুল তৈরির ক্ষেত্রে রাজ্য সরকার সবরকম পাশে থাকবে। বাংলার যেকোনো প্রান্তে শুটিং করার বিষয়েও তিনি সবুজ সংকেত দিয়েছেন।”
মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করে অনুপম খের আরও বলেন, “বাংলাকে প্রগতির পথে নিয়ে যেতে মুখ্যমন্ত্রী যে পরিবর্তন আনতে চাইছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, তাঁর এই স্বপ্নপূরণ সম্ভব। আমি নিজেও সেই পরিবর্তনের অংশ হতে চাই।” দীর্ঘ প্রায় তিন দশক পর অনুপম খেরের এই ফিরে আসা এবং বাংলায় নতুন শিল্পকলা কেন্দ্র স্থাপনের উদ্যোগ যে টলিপাড়ার জন্য এক নতুন দিগন্ত খুলে দিল, তা বলাই বাহুল্য। এখন সিনেপ্রেমীদের নজর ‘শুরু থেকে শুরু’ ছবির দিকে।