বাংলাদেশ থেকে ফিরেই নিখোঁজ! ৫ দিন পর অশোকনগরের ডোবা থেকে উদ্ধার পচাগলা দেহ, ঘনীভূত রহস্য

অশোকনগর পৌরসভা এলাকার ১৬ নম্বর ওয়ার্ডের কেশব পল্লী এলাকায় একটি জলাশয় থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হওয়ায় তীব্র রহস্য ও চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম সুমন শঙ্কর রায়চৌধুরী (৬০)। তিনি পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

পুলিশ সূত্রে খবর, সুমন রায়চৌধুরী বিগত ছয় বছর ধরে শারীরিক অসুস্থতার চিকিৎসার জন্য বাংলাদেশে ছিলেন। মাত্র পাঁচ দিন আগেই তিনি অশোকনগরের বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফেরার দিন তিনি পাশের একটি বাড়িতে খাওয়াদাওয়া করেছিলেন। এরপর থেকেই তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি।

কীভাবে উদ্ধার হলো দেহ? বুধবার দুপুরে পার্শ্ববর্তী একটি জলাশয় থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করলে স্থানীয় বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ এসে ওই ডোবা থেকে পচাগলা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রতিবেশীরাই দেহটি সুমনের বলে শনাক্ত করেন।

মানসিক ভারসাম্যহীনতার দাবি: প্রতিবেশীদের দাবি, সুমন দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন, যার চিকিৎসা বাংলাদেশে চলছিল। কয়েক দিন আগেই তাঁর মামা তাঁকে বাড়িতে পৌঁছে দিয়ে যান।

দেহ উদ্ধারের পর এই ব্যক্তির মৃত্যু আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে—তা নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ।