‘বহিরাগতদের কাজ দিতে গিয়ে ছাঁটাই হবে বাংলার শ্রমিক’, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ভিন রাজ্যে আক্রান্ত বাঙালিদের প্রশ্নে তৃণমূল কংগ্রেসের অবস্থান নিয়ে তীব্র সমালোচনায় মুখর হয়েছে ‘বাংলাপক্ষ’। এই সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় দাবি করেছেন, তৃণমূল সরকার ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের কাজ দিতে গিয়ে আসলে বাংলার শ্রমজীবী মানুষের স্বার্থ বিসর্জন দিচ্ছে। এর ফলে রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমার বদলে আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
একটি ফেসবুক লাইভে গর্গ চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানান। তার অভিযোগ, রাজ্য সরকার ঠিকাদারদের ওপর চাপ সৃষ্টি করছে, যাতে ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের কাজ দেওয়া হয়। তিনি বলেন, “যারা এতদিন ধরে বাংলার শিল্পাঞ্চলে পরিশ্রম করছেন, তাদের কাজের জায়গা এখন বিপন্ন।”
‘বাংলার শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে না’
গর্গ চট্টোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী যাদের ফিরিয়ে আনলেন, তাদের কাজ দিতে গিয়ে তৃণমূল সরকার আসলে স্থানীয় শ্রমিকদের ছাঁটাইয়ের মুখে ঠেলে দিচ্ছে। এর ফলে একদিকে যেমন স্থানীয় শ্রমজীবীরা কাজ হারাবেন, তেমনই অন্যদিকে কাজের খোঁজে তাদেরও ভিন রাজ্যে পাড়ি দিতে হবে। পরিণতিতে রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকের প্রবাহ কমার বদলে আরও বাড়বে।”
বাংলাপক্ষের প্রশ্ন, বাংলার শিল্পাঞ্চলগুলিতে কেন বাংলার শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে না? গর্গ চট্টোপাধ্যায়ের অভিযোগ, এসব ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ‘বহিরাগত তোষণ নীতি’ কাজ করছে। এই বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও, বাংলাপক্ষের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।