‘ওকে ঠেলে ফেলে খুন করা হয়েছে’, যাদবপুরের ছাত্রীর মৃত্যুতে খুনের অভিযোগ, তদন্তে লালবাজার

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুর এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও রহস্যের কিনারা করতে পারেনি পুলিশ। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে রাতের বেলা অনামিকা মণ্ডল নামের ওই ছাত্রীর দেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এই ঘটনায় তদন্ত করছে কলকাতা পুলিশ। প্রাথমিক তদন্তে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ এবং হোমিসাইড শাখা। কারণ, অনামিকার বাবা অভিযোগ তুলেছেন, এটি কোনো দুর্ঘটনা বা আত্মহত্যা নয়, তার মেয়েকে ঠেলে ফেলে খুন করা হয়েছে।

জিজ্ঞাসাবাদ ও নতুন তথ্য
পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৩ জন শিক্ষার্থীকে লালবাজারে ডেকে পাঠিয়েছিল। সূত্রের খবর, তাদের মধ্যে মাত্র ৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে, তাদের সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হবে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে একটি জুতো উদ্ধার হয়েছে, যা অনামিকার বলে ধারণা করা হচ্ছে। তার বাবা এই জুতো শনাক্ত করতে যাবেন। এদিকে, অনামিকা মত্ত ছিলেন কিনা, তা জানতে তার ভিসেরা পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা ও নথি পাঠানো হয়েছে। অনামিকা মৃত্যুর আগে কাদের সঙ্গে কথা বলেছিলেন বা কাদের সঙ্গে ছিলেন—এই সব বিষয়েই এখন খতিয়ে দেখছে পুলিশ।