বিশ্বের টেক জায়ান্ট গুগল তাদের বহুল প্রতীক্ষিত ইভেন্ট ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ (The Android Show: I/O Edition) এর দিনক্ষণ ঘোষণা করেছে। মঙ্গলবার মাউন্টেনভিউ ভিত্তিক এই সংস্থাটি জানিয়েছে যে, আগামী ১২ মে এই মেগা ইভেন্টটি অনুষ্ঠিত হতে চলেছে। সম্পূর্ণ ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই শো-টির ঠিক পরেই শুরু হবে গুগলের বার্ষিক ডেভেলপার কনফারেন্স। প্রযুক্তি বিশ্বের নজর এখন এই ইভেন্টের দিকে, কারণ গুগল এটিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে অভিহিত করেছে।
গুগলের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, ১২ মে প্যাসিফিক টাইম (PT) সকাল ১০টায় এই শো শুরু হবে। ভারতীয় সময় অনুযায়ী যা রাত ১০টা ৩০ মিনিটে সম্প্রচারিত হবে। গুগল একটি অফিসিয়াল টিজার প্রকাশ করলেও সেখানে নতুন ফিচার সম্পর্কে বিস্তারিত গোপনীয়তা বজায় রাখা হয়েছে। তবে টেক বিশেষজ্ঞদের প্রবল ধারণা, এই ইভেন্টেই অ্যান্ড্রয়েড ১৭ (Android 17) এর একগুচ্ছ যুগান্তকারী ফিচার এবং এআই (AI) চালিত টুলসের ঘোষণা করা হতে পারে।
ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ১৭-র বেশ কয়েকটি বিটা ভার্সন লঞ্চ করা হয়েছে। গত ফেব্রুয়ারি ও মার্চ মাসে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় ভার্সন এবং এপ্রিলে লেটেস্ট বিটা ভার্সনটি সামনে আনা হয়েছিল। মূলত সিস্টেম পারফরম্যান্স উন্নত করা এবং ইউজারদের জন্য ফোনের ব্যবহার আরও সহজ ও মসৃণ করাই ছিল সেই সংস্করণগুলোর মূল লক্ষ্য। তবে ১২ মে-র এই বড় ইভেন্টে ইউজাররা আশা করছেন অ্যান্ড্রয়েড ১৭-র পূর্ণাঙ্গ রূপ এবং এর বিশেষ সক্ষমতাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
অ্যান্ড্রয়েড ১৭ ছাড়াও বিশেষজ্ঞদের অনুমান, এই শো-তে অ্যান্ড্রয়েড অটো (Android Auto), ওয়্যার ওএস (Wear OS), অ্যান্ড্রয়েড এক্সআর (Android XR) এবং অ্যান্ড্রয়েড টিভির জন্য বড়সড় কোনো আপডেট আসতে পারে। বিভিন্ন ডিভাইসে কবে থেকে এই নতুন ফিচারগুলো পাওয়া যাবে, তার একটি রোডম্যাপও গুগল ওইদিন প্রকাশ করতে পারে। সম্পূর্ণ ভার্চুয়াল এই শো-টি গুগল অ্যান্ড্রয়েডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি দেখা যাবে। যারা প্রযুক্তি জগতের এই বিবর্তন স্বচক্ষে দেখতে চান, তারা ১২ মে রাত সাড়ে ১০টায় ইউটিউবে চোখ রাখতে পারেন।





