বড় চমক বিজেপিতে! পদ্ম শিবিরে যোগ দিলেন টেনিস সম্রাট লিয়েন্ডার পেজ

খেলার মাঠ থেকে এবার রাজনীতির আঙিনায়। জল্পনার অবসান ঘটিয়ে সরকারিভাবে বিজেপিতে যোগ দিলেন ভারতের টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ। মঙ্গলবার দিল্লির বিজেপি সদর দফতরে সুকান্ত মজুমদার ও কিরেন রিজেজুর উপস্থিতিতে গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন তিনি। গত ২৪ মার্চ নিউটাউনের একটি হোটেলে বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠকের পরেই এই যোগদানের সম্ভাবনা জোরালো হয়েছিল।

পদ্ম শিবিরে যোগ দিয়ে লিয়েন্ডার বলেন, “আজ আমার জীবনের অত্যন্ত বড় দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানাই। দীর্ঘ ৪০ বছর দেশের হয়ে টেনিস কোর্টে লড়েছি, এবার দেশের মানুষের সেবা করার নতুন সুযোগ পেলাম।” লিয়েন্ডার জানান, তাঁর মূল লক্ষ্য হবে দেশের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন এবং ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পের মাধ্যমে যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। বিশেষ করে স্পোর্টস এডুকেশন এবং অ্যাথলিটদের কর্মসংস্থানের ওপর জোর দিতে চান তিনি। আক্ষেপের সুরে লিয়েন্ডার বলেন, “১৯৮৬ সালে যখন খেলা শুরু করি, তখন বাংলায় উন্নত কোর্ট বা আলো ছিল না। আজও দেশে পর্যাপ্ত ইনডোর কোর্ট নেই।” আগামী ২০ বছরের এক সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে তিনি রাজনীতির ময়দানে নামলেন বলে জানিয়েছেন এই অলিম্পিয়ান।