ভোটের মুখে বঙ্গ সফরে এসে তৃণমূল ও কংগ্রেসের বিরুদ্ধে ‘বিষ্ফোরক’ অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে কার্যত রণমূর্তি ধারণ করে তিনি দাবি করেন, বাংলার মহিলাদের উন্নয়নের পথে সবথেকে বড় কাঁটা তৃণমূলের ‘মহাজঙ্গলরাজ’।
“সংসদে বোনদের ধোঁকা দিয়েছে তৃণমূল”
মহিলা সংরক্ষণ বিল নিয়ে সরব হয়ে প্রধানমন্ত্রী এদিন তীব্র যন্ত্রণার কথা জানান। তিনি বলেন:
“আপনারা দেখলেন সংসদে কী হলো? বাংলার বোনেরা ৩৩ শতাংশ সংরক্ষণ চেয়েছিলেন, মোদী তা সুনিশ্চিত করতে চেয়েছিল। কিন্তু তৃণমূল ও কংগ্রেস একজোট হয়ে ষড়যন্ত্র করেছে। এরা চায় না বাংলার মহিলারা বেশি সংখ্যায় বিধায়ক বা সাংসদ হোন, কারণ এদেশের মহিলারাই এদের দুর্নীতি আর জঙ্গলরাজকে চ্যালেঞ্জ জানাচ্ছে।”
প্রধানমন্ত্রী আরও তোপ দেগে বলেন, তৃণমূল সংবিধানের গলা টিপে ধরে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে, অথচ নিজেদের ঘরের বোনদের অধিকার কেড়ে নিচ্ছে। তাঁর প্রশ্ন, “যারা বোনদের অধিকার লুটছে, তাদের সাজা হওয়া উচিত কি না?”
বাংলার মেয়েদের জন্য মোদীর ‘মহাসঙ্কল্প’
এদিন মোদী দাবি করেন, বিজেপি শাসিত রাজ্য যেমন— অসম, ওড়িশা বা গুজরাটে মহিলারা যে সুবিধা পান, বাংলার মা-বোনেরা তা থেকে বঞ্চিত। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কী কী সুবিধা মিলবে, তার এক লম্বা তালিকা তুলে ধরেন তিনি:
আর্থিক সাহায্য: বাংলার মেয়েরা বছরে ৩৬,০০০ টাকা সরাসরি পাবেন।
মাতৃত্বকালীন সুবিধা: গর্ভবতী মহিলারা ২১,০০০ টাকা এবং সন্তান জন্মের পর ৫,০০০ টাকা পাবেন।
শিক্ষা ও স্বনির্ভরতা: উচ্চশিক্ষার জন্য ৫০,০০০ টাকা এবং স্বনির্ভর হতে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা।
লাখপতি দিদি: বাংলার মহিলাদের ‘লাখপতি দিদি’ যোজনার আওতায় এনে স্বাবলম্বী করা হবে।
স্বাস্থ্য ও আবাসন: ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা (আয়ুষ্মান ভারত) এবং পাকা বাড়ি তৈরির জন্য দেড় লক্ষ টাকা সাহায্য।
বিনামূল্যে রেশনেও গ্যারান্টি
তৃণমূলের বিরুদ্ধে রেশন চুরির অভিযোগ তুলে মোদী আশ্বাস দেন, বিজেপি সরকার থাকলে গরিব মা-বোনদের রেশন কেউ ছিনিয়ে নিতে পারবে না। মোদী বলেন, “তৃণমূল সিন্ডিকেট দিয়ে মা-বোনদের শোষণ করছে। বিজেপি এলে এই বঞ্চনার শেষ হবে।”
ভোটের মাত্র কয়েকদিন আগে বাঁকুড়ার মাটি থেকে মোদীর এই প্রতিশ্রুতি এবং আক্রমণ যে শাসক শিবিরের ওপর ব্যাপক চাপ তৈরি করবে, তা বলাই বাহুল্য।





