ফেসবুক সুন্দরীই কাল! পাকিস্তানের ‘হানিট্র্যাপে’ ফাঁস আম্বালার যুবক, সেনা তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার

আম্বালা ক্যান্টনমেন্টে পাকিস্তান-যোগের চাঞ্চল্যকর পর্দাফাস! সোশ্যাল মিডিয়ায় ভুয়ো মহিলা প্রোফাইলের সঙ্গে প্রেম করে ভারতীয় সেনার অতি গোপনীয় তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগে গ্রেফতার করা হল ৩১ বছর বয়সি এক যুবককে। ধৃত সুনীল আম্বালা জেলার সবগা গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, গত ছয়-সাত মাস ধরে তিনি পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন।
যেভাবে চলত তথ্য পাচার: পেশায় বেসরকারি ঠিকাদারি সংস্থার সুপারভাইজার সুনীলের এয়ার ফোর্স স্টেশনে অবাধ যাতায়াত ছিল। সেই সুযোগে সেনা চলাচল (Troop Movement) এবং সামরিক ইউনিটের অবস্থান সংক্রান্ত সংবেদনশীল তথ্য তিনি হোয়াটসঅ্যাপ এবং ভয়েস কলের মাধ্যমে ওপাড়ে পাঠাতেন। তদন্তকারীদের অনুমান, এই ‘হানিট্র্যাপে’র নেপথ্যে সরাসরি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI) জড়িত।
তদন্তে নয়া মোড়: আম্বালা ক্রাইম ডিএসপি বীরেন্দ্র কুমার জানিয়েছেন, সুনীলের মোবাইল থেকে একাধিক সন্দেহজনক চ্যাট ও কল রেকর্ড উদ্ধার করা হয়েছে। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টও খতিয়ে দেখা হচ্ছে। কোনো আর্থিক লেনদেনের বিনিময়ে তিনি দেশের সুরক্ষাকে ঝুঁকির মুখে ফেলেছিলেন কি না, তা জানতে তাঁকে ৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এই চক্রে আরও কতজন যুক্ত, তা নিয়ে তদন্ত জারি রয়েছে।