ফাইনাল জিতেও ট্রফি হাতে পেল না ভারত, কূটনৈতিক বিতর্কের জেরে এশিয়া কাপে বেনজির ঘটনা

এশিয়া কাপ ফাইনাল জেতার পরেও রবিবার রাতে ট্রফি ছাড়াই ‘মক সেলিব্রেশনে’ মাততে দেখা গেল ভারতীয় ক্রিকেট দলকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রায় একঘণ্টা দেরিতে শুরু হলেও, পোডিয়ামে দাঁড়িয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফিটি নিতে দেখা যায়নি টিম ইন্ডিয়াকে। এই বেনজির ঘটনার কারণ ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে দেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।

তাঁর সাফ কথা, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) তরফে তাঁদের ট্রফি তুলে দেওয়া হয়নি, তাই এই ‘মক সেলিব্রেশন’। তবে এর নেপথ্যে ছিল গভীর কূটনৈতিক বিতর্ক এবং পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত।

কেন ট্রফি নিতে অস্বীকার করল ভারত?
দীর্ঘদিন ধরেই পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক তলানিতে। ‘অপারেশন সিঁদুর’-এর পরেও বাইশ গজে সেই শীতলতার আঁচ স্পষ্ট। এই আবহে, প্রতিযোগিতার শুরু থেকেই চলে আসা হ্যান্ডশেক-বিতর্কের সূত্র ধরে ভারতীয় দল আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে, ফাইনাল জিতলেও পাকিস্তানের গৃহমন্ত্রী তথা ACC প্রেসিডেন্ট মহসিন নকভির হাত থেকে তারা ট্রফি গ্রহণ করবে না।

সেই পূর্বপরিকল্পনা অনুযায়ী, ভারতীয় দলের তরফে বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরশাহী ক্রিকেট বোর্ডের ভাইস-চেয়ারম্যান খালিদ আল জারুনির হাত থেকে ট্রফি নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ACC চেয়ারম্যান নকভি সেই প্রস্তাবে সাড়া দেননি।

ট্রফি গায়েব! কী বললেন ক্যাপ্টেন সূর্যকুমার?
ঘটনার মোড় নেয় যখন ACC চেয়ারম্যান নকভির নির্দেশেই স্টেডিয়াম থেকে ট্রফি সরিয়ে নিয়ে যান আধিকারিকরা! অর্থাৎ, খেতাব জিতেও ট্রফি হাতে তোলার সৌভাগ্য হয়নি টিম ইন্ডিয়ার।

এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, “যতদিন ক্রিকেট বুঝছি এবং খেলছি এমন ঘটনা কখনও দেখিনি। একজন চ্যাম্পিয়ন দলকে ট্রফি থেকে বঞ্চিত করা হলো। যেটা ভীষণই পরিশ্রমের ফল। আমার মনে হয় ট্রফিটা আমাদের প্রাপ্য ছিল। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।”

তবে ট্রফি না-পাওয়ার হতাশা দূরে সরিয়ে রেখে দলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে সূর্যর সংযোজন, “যদি ট্রফির কথা বলেন, তাহলে বলব আমাদের ড্রেসিংরুমে ১৪টি ট্রফি রয়েছে। ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেরাই আমাদের ট্রফি, ওরাই আসল ট্রফি। এশিয়া কাপের এই জার্নিটা আমার সঙ্গে সারাজীবন থেকে যাবে।”

ইন্ডিয়া টুডে’র রিপোর্ট অনুযায়ী, মহসিন নকভি পুরস্কার বিতরণী মঞ্চে পৌঁছে ভারতীয় দল তাঁর হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করছে জানালে, অপেক্ষার পর আয়োজক কমিটির এক আধিকারিক নিঃশব্দে মাঠ থেকে ট্রফিটি সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। এরপরেই শিরোপা ছাড়াই উৎসবে মেতে ওঠে এশিয়া সেরা ভারতীয় দল।