ফলের লোভ দেখিয়ে বারবার ধর্ষণ…, অন্তঃসত্ত্বা ১১ বছরের নাবালিকা, প্রসবের আধঘণ্টা পর মৃত্যু সদ্যোজাত শিশুর!

উত্তরপ্রদেশের বরেলিতে এক বর্বরতার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মাত্র ১১ বছরের এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ৩১ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করা হয়েছে। লাগাতার ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল ওই নাবালিকা, কিন্তু প্রসবের মাত্র আধঘণ্টা পরেই সদ্যোজাত শিশুটির মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত রশিদ দুই সন্তানের বাবা। নির্যাতিতার দাদার অভিযোগ অনুযায়ী, প্রায় ছয়-সাত মাস আগে রশিদ ফল দেওয়ার লোভ দেখিয়ে নাবালিকাকে তার বাড়িতে নিয়ে যায় এবং একাধিকবার তাকে ধর্ষণ করে। এমনকি রশিদ নাবালিকার গোপন ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেল করত এবং পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকিও দিত।
গত ৪ সেপ্টেম্বর নাবালিকার পেটে অসহ্য যন্ত্রণা শুরু হলে তাকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ইউএসজি রিপোর্টে ধরা পড়ে যে সে সাত মাসের অন্তঃসত্ত্বা।
নির্যাতিতা নাবালিকা একটি জেলা মহিলা হাসপাতালে প্রিম্যাচিওর সন্তানের জন্ম দেয়, কিন্তু শিশুটিকে বাঁচানো যায়নি। মাত্র আধঘণ্টা পরেই তার মৃত্যু হয়। অত্যধিক রক্তক্ষরণের কারণে নাবালিকা মায়ের শারীরিক অবস্থারও অবনতি হয়, যদিও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর অভিযুক্ত রশিদকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এবং ডিএনএ পরীক্ষার জন্য সদ্যোজাত শিশুটির নমুনা সংগ্রহ করা হয়েছে।