জ্বর নেই অথচ চরম ক্লান্তি আর শুকনো কাশি? কোন মারাত্মক লক্ষণ দেখলেই সাবধান হবেন?

দেশজুড়ে বিভিন্ন রাজ্যে হু হু করে বাড়ছে সোয়াইন ফ্লুর প্রকোপ। সাধারণত জ্বরকেই এই রোগের প্রধান লক্ষণ হিসেবে ধরা হয়। কিন্তু প্রশ্ন হলো, জ্বর না থাকলেও কি কেউ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হতে পারেন? চিকিৎসকদের মতে, প্রত্যেক সংক্রমিত ব্যক্তির মধ্যে সোয়াইন ফ্লুর সমস্ত লক্ষণ প্রকাশ পাওয়া বাধ্যতামূলক নয়। শুধুমাত্র জ্বর দেখে কোনও ব্যক্তির শরীরে H1N1 ভাইরাস হানা দিয়েছে কি না, তা নিশ্চিত করা সম্ভব নয়।

দিল্লির আরএমএল হাসপাতালের মেডিসিন বিভাগের ডিরেক্টর অধ্যাপক ডঃ সুভাষ গিরির মতে, জ্বর সোয়াইন ফ্লুর একটি সাধারণ লক্ষণ হলেও সব রোগীর ক্ষেত্রে এটি দেখা যায় না। তাই জ্বর না থাকলেও যদি হঠাৎ করে প্রচণ্ড ক্লান্তি, শুকনো কাশি, গলা ব্যথা বা শরীর ব্যথা জাঁকিয়ে বসে, তবে তা ভুলেও অবহেলা করা উচিত নয়।

কোন লক্ষণগুলির দিকে বিশেষ নজর রাখবেন?

H1N1 ভাইরাসের সংক্রমণে সর্দি, কাশি, গলা ব্যথা, নাক বন্ধ থাকা, তীব্র মাথাব্যথা এবং পেশীতে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। অনেক সময়েই এই প্রাথমিক লক্ষণগুলি এতটাই মৃদু হয় যে মানুষ সেগুলিকে সাধারণ ঠান্ডা লাগা বা সাধারণ ভাইরাল ফিভার বলে ভুল করেন। যদি জ্বর না থাকে এবং এই উপসর্গগুলি দু-তিন দিনের মধ্যে নিজ থেকেই ঠিক হয়ে যায়, তবে অতিরিক্ত উদ্বেগের কারণ নেই। তবে সাধারণ ভাইরাল হোক বা সোয়াইন ফ্লু, পরিস্থিতি জটিল হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই শ্রেয়।

বিশেষজ্ঞদের স্পষ্ট বার্তা, জ্বর না থাকলেও যদি হঠাৎ করে শ্বাসকষ্টের পাশাপাশি তীব্র ক্লান্তি, শুকনো কাশি কিংবা সারা শরীরে যন্ত্রণার মতো উপসর্গ দেখা দেয়, তবে পরিস্থিতিকে হালকাভাবে নেওয়া চলবে না। এই ধরনের উপসর্গ দেখলে দেরি না করে অবিলম্বে হাসপাতালে যাওয়া অত্যন্ত জরুরি।