বাংলা থেকে ভেনিসে ইতিহাস! সেরা পরিচালকের পুরস্কার পেলেন অনুপর্ণা রায়, গর্বিত গোটা বাংলা

বাংলার চলচ্চিত্র জগতে এক নতুন পালক যোগ করলেন পরিচালক অনুপর্ণা রায়। গত ৭ সেপ্টেম্বর, ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার পরিচালিত প্রথম সিনেমা ‘দ্যা সংস অফ ফরগটেন ট্রিজ’-এর জন্য তিনি সেরা পরিচালকের পুরস্কারে ভূষিত হয়েছেন। এই জয়ের পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর অভিনন্দন বার্তা
মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স (X) হ্যান্ডেলে অনুপর্ণাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমাদের পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়ের পুরস্কার পাওয়ার খবর শুনে আমার ভীষণ আনন্দ হয়েছে। আমি ওকে, ওর বাবা-মাকে, বন্ধু-সহযোগী সকলকে অভিনন্দন জানাই। চলচ্চিত্র জগতে এই জয় কার্যত পৃথিবী জয় বলা যায়।”
তিনি আরও উল্লেখ করেন যে, এর আগে কোনো ভারতীয় পরিচালক এই সম্মানে ভূষিত হননি, যা এই জয়কে আরও বিশেষ করে তুলেছে। মুখ্যমন্ত্রী বলেন, “অনুপর্ণা পুরুলিয়ার মেয়ে। ওর বাড়ি কুলটিতে। খুব স্বাভাবিকভাবেই এই জয় গোটা বাংলার মেয়েদের জয়। অনুপর্ণা আরও এগিয়ে যান, আমাদের সকলের মুখ উজ্জ্বল করুন এই কামনাই করি।”
‘দ্যা সংস অফ ফরগেটেন ট্রিজ’
অনুরাগ কাশ্যপের উপস্থাপনায় নির্মিত এই ছবিটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এটি মূলত দুই মুম্বাই প্রবাসী মহিলার জীবন সংগ্রাম এবং তাদের মধ্যে গড়ে ওঠা এক অসাধারণ বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি। ছবিতে অভিনয় করেছেন নাজ শেখ এবং সুমি বাঘেল। সিনেমাটি একদিকে যেমন নিজেকে চিনে নেওয়ার লড়াই, তেমনই বেঁচে থাকার সংগ্রাম এবং অপ্রত্যাশিত সম্পর্কের এক সুন্দর প্রতিচ্ছবি।
ভেনিসের মঞ্চে পুরস্কার নিতে গিয়ে অনুপর্ণা কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন এবং এই সম্মান তার শহর ও দেশকে গর্বিত করেছে বলে জানান।