পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে বড় পদক্ষেপ নিল ভারত সরকার। আমদানিকৃত একাধিক গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল পণ্যের ওপর থেকে সম্পূর্ণ কাস্টমস শুল্ক মকুব করার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রক। বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ ছাড় আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
এই সিদ্ধান্তের ফলে প্লাস্টিক, প্যাকেজিং, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস এবং অটোমোবাইল শিল্পের উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে কমবে। শুল্ক ছাড়ের তালিকায় রয়েছে মিথানল, টলুইন, স্টাইরিন, ভিনাইল ক্লোরাইড মনোমার, ইথিলিন গ্লাইকোল এবং পলিইথিলিনের মতো গুরুত্বপূর্ণ কাঁচামাল। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় দেশীয় শিল্পকে সুরক্ষা দিতেই এই লক্ষ্যভিত্তিক পদক্ষেপ।
পাশাপাশি, সাধারণ মানুষের ওপর মূল্যবৃদ্ধির চাপ কমাতে পেট্রোল ও ডিজেলের ওপর আবগারি শুল্ক লিটার প্রতি ১০ টাকা কমানোর ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে পেট্রোলের ওপর আবগারি শুল্ক মাত্র ৩ টাকা এবং ডিজেলের ওপর কোনো আবগারি শুল্ক নেই। বিশ্ববাজারের এই অস্থির সময়ে দেশের শিল্প ও আমজনতাকে সুরক্ষিত রাখতেই কেন্দ্র সরকারের এই জোড়া ধামাকা।





