ড্রাগনের ঘুম ওড়াতে প্রস্তুত ভারত! ১৯৫০ কোটির ‘মাউন্টেন রাডার’ পাহারায় এবার দুর্ভেদ্য সীমান্ত

ভারতের আকাশসীমা রক্ষায় এক ঐতিহাসিক পদক্ষেপ নিল প্রতিরক্ষা মন্ত্রক। শত্রু দেশগুলোর রক্তচক্ষু উপেক্ষা করে সীমান্ত সুরক্ষাকে নিশ্ছিদ্র করতে মোতায়েন করা হচ্ছে অত্যাধুনিক ‘মাউন্টেন রাডার’। মঙ্গলবার ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL)-এর সঙ্গে প্রায় ১,৯৫০ কোটি টাকার (১.৯৫ বিলিয়ন ডলার) এক মেগা চুক্তি স্বাক্ষর করেছে কেন্দ্র। এই প্রকল্পের অধীনে ভারতীয় বায়ুসেনাকে দুটি অত্যাধুনিক রাডার ব্যবস্থা ও তার আনুষঙ্গিক পরিকাঠামো সরবরাহ করা হবে।
২০২৫-২৬ অর্থবর্ষের এই বৃহত্তম প্রতিরক্ষা চুক্তিটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। ডিআরডিও (DRDO)-র বেঙ্গালুরু ভিত্তিক গবেষণাগারে নকশা করা এই রাডারটি অত্যন্ত উঁচু পার্বত্য এলাকায় নজরদারির জন্য বিশেষভাবে নির্মিত। দুর্গম পাহাড়ি অঞ্চলে যেখানে সাধারণ রাডার কাজ করতে হিমশিম খায়, সেখানে এই ‘মাউন্টেন রাডার’ শত্রুপক্ষের যুদ্ধবিমান, ড্রোন এমনকি অত্যন্ত নিচু দিয়ে উড়ে আসা ক্রুজ ক্ষেপণাস্ত্রকেও নিমেষে শনাক্ত করতে সক্ষম।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই রাডার ব্যবস্থা চালু হলে চিন ও পাকিস্তান সীমান্তে ভারতের প্রতিরক্ষা কবচ হবে দুর্ভেদ্য। যে কোনো আবহাওয়ায় সমানভাবে কার্যকর এই ব্যবস্থাটি শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করে সময়মতো সতর্কবার্তা দেবে এবং পাল্টা ব্যবস্থা নিতে সাহায্য করবে। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে এই স্বনির্ভরতা ভারতের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিল।