প্রেম প্রত্যাখ্যান শিক্ষিকার…! রাগে ভয়ানক সিদ্ধান্ত ছাত্রের, গায়ে পেট্রোল ঢেলে মারার চেষ্টা

মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলার একটি চাঞ্চল্যকর ঘটনায়, ১৮ বছরের এক ছাত্র তার ২৬ বছর বয়সী শিক্ষিকাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। অভিযোগ, একতরফা প্রেমের সম্পর্ক প্রত্যাখ্যান করার কারণেই এই ভয়ংকর কাণ্ড ঘটিয়েছে সে। অভিযুক্ত ছাত্রের নাম সূর্যাংশ কোচর, যে কোতওয়ালি থানার অন্তর্গত উৎকর্ষ বিদ্যালয়-এর প্রাক্তন ছাত্র।
কীভাবে ঘটল ঘটনা?
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুর প্রায় সাড়ে ৩টে নাগাদ সূর্যাংশ এক বোতল পেট্রোল নিয়ে শিক্ষিকার বাড়িতে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে শিক্ষিকার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আক্রান্ত শিক্ষিকাকে তার পরিবারের সদস্যরা দ্রুত নিকটবর্তী জেলা হাসপাতালে নিয়ে যান। জানা গেছে, তার শরীরের প্রায় ১০-১৫ শতাংশ পুড়ে গিয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন।
ব্যক্তিগত আক্রোশ থেকেই প্রতিশোধ?
সূর্যাংশ কোচর একসময় ওই শিক্ষিকার স্কুলে পড়ত এবং গত দুই বছর ধরে তারা একে অপরকে চিনত। পুলিশ মনে করছে, সূর্যাংশ ওই শিক্ষিকার প্রতি একতরফা প্রেমের সম্পর্ক তৈরি করেছিল, কিন্তু সম্প্রতি কোনো কারণে সেই সম্পর্ক ভেঙে যাওয়ায় সে ব্যক্তিগত আক্রোশ থেকে এমন ভয়ংকর প্রতিশোধ নিয়েছে।
সূত্রের খবর, কিছু দিন আগেই সূর্যাংশকে কোনো একটি কারণে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল। পুলিশ আরও মনে করছে, স্বাধীনতা দিবসের দিন সূর্যাংশের করা কোনো মন্তব্যের জেরে শিক্ষিকা তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছিলেন, যা এই ঘটনার পেছনের আরও একটি কারণ হতে পারে।