প্রেমের সম্পর্ক গড়ে চাকরির টোপ, লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে মালদহে যুবক গ্রেফতার

প্রেমের সম্পর্ককে হাতিয়ার করে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীর সঙ্গে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে মালদহের চাঁচলের দক্ষিণপাড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বারাসাত ও মালদহের চাঁচল থানার পুলিশ।
জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম অসীম সরকার।
কীভাবে চলত প্রতারণা?
পুলিশ সূত্রে খবর, ধৃত অসীম সরকার নিজেকে বিভিন্ন বেসরকারি সংস্থা ও সরকারি দফতরের ‘যোগাযোগ কর্মকর্তা’ হিসেবে পরিচয় দিত। এই পরিচয় ব্যবহার করেই সে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক তৈরি করে।
সম্পর্ক গভীর হওয়ার পরই শুরু হয় প্রতারণার খেলা। চাকরি দেওয়ার নাম করে সে ওই তরুণীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ।
সন্দেহ জাগতেই পর্দা ফাঁস
তরুণীর অভিযোগ, টাকা নেওয়ার পরেও চাকরির কোনও প্রক্রিয়া শুরু না হওয়ায় তাঁর সন্দেহ জাগে। এরপরই তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন।
ঘটনাটি জানিয়ে ওই তরুণী বিধাননগর সাইবার ক্রাইম-এ অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই বারাসাত থানার পুলিশ মালদহে এসে চাঁচল থানার পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় এবং ভাড়া বাড়ি থেকে অভিযুক্ত যুবক অসীম সরকারকে গ্রেফতার করে।
বর্তমানে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে যে এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা।