প্রস্রাব করতে নিষেধ করায় খুন, আমেরিকায় প্রকাশ্যে গুলি করে মারা হল ভারতীয় যুবককে

শুধুমাত্র প্রকাশ্যে প্রস্রাব করতে নিষেধ করায় এক ভারতীয় যুবককে গুলি করে খুন করার অভিযোগ উঠল আমেরিকায়। নৃশংস এই ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার এক দোকানের সামনে। নিহত ওই যুবকের নাম কপিল, তাঁর বাড়ি হরিয়ানার জিন্দ জেলায়। এই ঘটনায় ভারত এবং আমেরিকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ২৬ বছর বয়সী কপিল কর্মসূত্রে ক্যালিফোর্নিয়ায় একটি দোকানে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। ঘটনার দিন তিনি দেখেন, এক ব্যক্তি তাঁর দোকানের সামনে প্রকাশ্যে প্রস্রাব করছেন। কপিল তাঁকে নিষেধ করেন। এর ফলে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত ব্যক্তি হঠাৎই বন্দুক বের করে কপিলকে লক্ষ্য করে গুলি করেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

তিন বছর আগে আমেরিকায় গিয়েছিলেন কপিল
স্থানীয় সূত্র অনুযায়ী, তিন বছর আগে কপিল ডাঙ্কি রুটের মাধ্যমে পানামার জঙ্গল পেরিয়ে মেক্সিকো সীমান্ত দিয়ে আমেরিকায় প্রবেশ করেন। সেই সময়ে তাঁকে গ্রেপ্তার করা হলেও, আইনি প্রক্রিয়ার পর তিনি মুক্তি পান এবং সেখানেই বসবাস শুরু করেন। তাঁর আমেরিকায় যাওয়ার জন্য পরিবারের প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ হয়েছিল বলে জানা গিয়েছে।

কপিলের বাবা, যিনি হরিয়ানায় চাষের কাজ করেন, তিনি এই ঘটনায় সম্পূর্ণ ভেঙে পড়েছেন। স্থানীয় প্রশাসন এবং হরিয়ানা সরকারের কাছে কপিলের মৃতদেহ ফিরিয়ে আনার জন্য সাহায্যের আবেদন জানানো হয়েছে।

এই ঘটনার পাশাপাশি, সম্প্রতি কানাডায় এক ভারতীয় বংশোদ্ভূত দম্পতির বিরুদ্ধে রাস্তার পাশে প্রকাশ্যে আবর্জনা ফেলার অভিযোগও সামনে এসেছে। একটি ভিডিওতে দেখা গেছে, ওই দম্পতি গাড়িতে করে আবর্জনা এনে বনাঞ্চলে ফেলছেন, যা অনলাইনে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। এই ধরনের ঘটনা বিদেশে ভারতীয়দের ভাবমূর্তি নষ্ট করছে বলে মনে করছেন অনেকে।