উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ কবে, জানালেন সংসদ সভাপতি, চমক থাকছে রেজাল্টের পর

উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের ফল আগামী ৩১ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হবে। প্রথম দিনের পরীক্ষা শেষে এই ঘোষণা করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি আরও জানিয়েছেন, এবারই প্রথম ফল প্রকাশের ৭২ ঘণ্টা পর সমস্ত পরীক্ষার্থীর ওএমআর (OMR) শিটের স্ক্যান কপি ওয়েবসাইটে আপলোড করা হবে।
সোমবার থেকে শুরু হওয়া প্রথম সেমিস্টারের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সংসদ জানিয়েছে, প্রথম দিনে কোনো পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার হয়নি এবং কোনো ধরনের অভিযোগও আসেনি। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, প্রায় ৪০ লক্ষ ওএমআর শিট একবারে আপলোড করলে সার্ভারে চাপ পড়বে। তাই অনলাইনে ফল প্রকাশের পর ধাপে ধাপে স্ক্যান কপি আপলোড করা হবে, যাতে কোনো প্রযুক্তিগত সমস্যা না হয়। তবে উত্তরপত্রের ‘আনসার কি’ আপলোড করা হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
প্রশ্নপত্রে নতুন নিরাপত্তা ব্যবস্থা
এ বছর প্রশ্নপত্রে বেশ কিছু নতুন নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। প্রতিটি প্রশ্নের মধ্যেই বারকোড ছাপা আছে। এছাড়া, প্রশ্নপত্রের প্রথম পাতায় বড় করে একটি ‘H’ লেখা আছে, যা সুরক্ষার জন্যই করা হয়েছে বলে জানিয়েছেন সংসদ সভাপতি। এ বছর চার রঙের (সাদা, গোলাপি, হলুদ ও হালকা নীল) চারটি সিরিজের প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল। তবে পরীক্ষা হয়েছে এক নম্বর সেটে।
অনলাইনে উপস্থিতি জমা, অনুপস্থিতি কম
প্রথম দিনের পরীক্ষায় ৫,৫২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল, যা মোট পরীক্ষার্থীর এক শতাংশের কম। সাধারণ উচ্চ মাধ্যমিকের তুলনায় সেমিস্টারের প্রথম দিনের উপস্থিতির হার বেশ ভালো। এই বছর থেকে ‘দুয়ার’ নামের একটি অনলাইন পোর্টালের মাধ্যমে পর্যবেক্ষকরা পরীক্ষার্থীর উপস্থিতি সরাসরি সংসদে জমা দিয়েছেন। যদিও প্রথম দিনে কিছু প্রযুক্তিগত সমস্যা হয়েছিল, তবে ভবিষ্যতে তা আর হবে না বলে আশা করা হচ্ছে।
এছাড়াও, ১৪ জন পরীক্ষার্থী হাসপাতাল থেকে এবং ৪৯৭ জন বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।