প্রশ্নফাঁস নিয়ে মোদীর ‘ফাস্ট-ট্র্যাক কোর্ট’ চালুর প্রতিশ্রুতির তীব্র সমালোচনা, কটাক্ষ করে কী বলল আন্দোলনকারীরা?

দেশজুড়ে তীব্র প্রশ্নফাঁস কাণ্ডের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম প্রতিক্রিয়ার তীব্র জবাব দিল ককরোচ জনতা পার্টি (CJP)। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে CJP প্রতিনিধি আশুতোষ রাঙ্কা বলেন, প্রধানমন্ত্রী কেবল ঘটনার পরের প্রতিকার বা শাস্তির কথা বলছেন, কিন্তু সমস্যার মূল উৎপাটনে সম্পূর্ণ উদাসীন। তাঁর অভিযোগ, শিক্ষা ব্যবস্থার পুরো সিস্টেমে অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা জেঁকে বসেছেন, যাঁরা একটি সুসংগঠিত মাফিয়ার মতো প্রশ্নফাঁসের কারবার চালিয়ে যাচ্ছেন। যতদিন না এই কাঠামোগত দুর্নীতির অবসান ঘটছে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদ থেকে সরানো হচ্ছে, ততদিন এই চক্র থামানো অসম্ভব বলে দাবি করেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় জানান যে, দেশের যুবসমাজের ভবিষ্যৎ রক্ষার্থে প্রশ্নফাঁসের সঙ্গে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠন করা হবে। যুবসমাজের ক্ষতিসাধনকারীদের কোনোভাবেই রেয়াত করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। তবে মোদীর এই আশ্বাসের পরেই সুর চড়িয়েছে বিরোধী শিবির ও আন্দোলনকারীরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেন্দ্রকে নিশানা করে বলেন, এই সরকারই দেশের শিক্ষাব্যবস্থার সম্পূর্ণ ধ্বংস ডেকে এনেছে। অন্যদিকে, দিল্লির জনপথ ও টলস্টয় মার্গের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় আন্দোলনকারীরা লাগাতার বিক্ষোভ ও স্লোগান চালিয়ে যাচ্ছেন, যা রাজধানীর সামগ্রিক পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে