প্রশ্নপত্র ফাঁস আর নয়! নিট ইউজি পরীক্ষা নিয়ে রাজনাথ সিংয়ের বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক

নিট (NEET) পরীক্ষার স্বচ্ছতা ফেরাতে এবং গত ৩ মে-র অনিয়মের পুনরাবৃত্তি রোধ করতে নড়েচড়ে বসল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে এক উচ্চপর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, এনটিএ-র মহাপরিচালকসহ শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় ৪০ মিনিটের এই বৈঠকে আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য পুনঃপরীক্ষার সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে।

সূত্রের খবর, প্রধানমন্ত্রীর নির্দেশে এবার প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে মুদ্রণ ও পরিবহন—প্রতিটি ধাপ সরাসরি পিএমও-র নিবিড় পর্যবেক্ষণে থাকছে। গত পরীক্ষার গলদ থেকে শিক্ষা নিয়ে এবার নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, শিক্ষার্থীদের সুরক্ষাই বোর্ডের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

উল্লেখ্য, গত ৩ মে আয়োজিত নিট ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশজুড়ে ছাত্র বিক্ষোভের মুখে পরীক্ষা বাতিল করা হয়েছিল। আসন্ন ২১ জুনের পুনঃপরীক্ষায় ২২ থেকে ২৩ লক্ষ শিক্ষার্থী অংশ নেবে। পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়, তা নিশ্চিত করতে বিহার, পাঞ্জাব ও হরিয়ানাসহ বেশ কয়েকটি রাজ্য সরকারি বাসে পরীক্ষার্থীদের বিনামূল্যে যাতায়াতের বিশেষ ঘোষণা করেছে। সরকার এবার প্রতিটি খুঁটিনাটি বিষয়ে সতর্ক, যাতে স্বচ্ছতার সঙ্গে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy