‘প্রণববাবুকে রাষ্ট্রপতি করার বিরোধিতা করেছিলেন, বাংলা ভাষা রক্ষা করার উনি কে?’- কটাক্ষ শুভেন্দুর

ধর্মতলায় ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি জাতিসত্ত্বা ও বাংলা ভাষার সপক্ষে যে জোরালো সওয়াল তুলেছেন এবং ২৭ জুলাই থেকে রাজ্যব্যাপী ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন, তাকে তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর এই অবস্থানকে পাল্টা আক্রমণ করেন। তিনি মনে করিয়ে দেন, বাঙালি সন্তান প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণার পর প্রথম বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায়ই করেছিলেন।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, “বাংলা ভাষার উনি কে? কে ওনাকে বাংলা ভাষা রক্ষা করার দায়িত্ব দিয়েছে? যেদিন বাঙালি প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন।” তিনি আরও যোগ করেন, “আর উনি যে পার্টিটাকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে। তাঁর নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর পরামর্শদাতা ছিলেন প্রয়াত বিবেক দেবরায় একজন বাঙালি। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল একজন বাঙালি। কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার অসীম ঘোষের মতো একজন কৃতী অধ্যাপককে হরিয়ানার রাজ্যপাল করেছেন। তিনিও একজন বাঙালি।”

উল্লেখ্য, সোমবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশে বিজেপির বিরুদ্ধে বাঙালি ও বাংলা ভাষার বিরোধিতার অভিযোগ তুলেছিলেন। তিনি বলেছিলেন যে, বাংলা বললেই বাঙালিদের বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। এর বিরুদ্ধে দলীয় কর্মীদের আন্দোলন গড়ে তোলারও ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই শুভেন্দু অধিকারীর এই পাল্টা আক্রমণ রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।