প্রকাশিত নিট-ইউজি ২০২৬-এর ফল, মেধাতালিকায় বাজিমাত পড়ুয়াদের, জানুন কীভাবে দেখবেন স্কোরকার্ড

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হলো নিট-ইউজি (NEET-UG 2026) পরীক্ষার ফলাফল। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে গত ৩ মে আয়োজিত পরীক্ষা বাতিল হওয়ার পর, ২১ জুন পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছিল। এই মেগা পরীক্ষায় ২০ লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। এনটিএ (NTA)-র পরিসংখ্যান অনুযায়ী, এবারের পরীক্ষায় সাফল্যের হার বেশ আশাব্যঞ্জক—সর্বমোট ১১ লক্ষ ২১ হাজার পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বিশেষ উল্লেখযোগ্য যে, সাফল্যের নিরিখে এবার এগিয়ে রয়েছেন ছাত্রীরা; মোট সফল পরীক্ষার্থীর ৫৮ শতাংশই ছাত্রী। বৃহস্পতিবার সন্ধে নাগাদ আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করার ফলে কাউন্সেলিং ও ভর্তি প্রক্রিয়া যথাসময়ে শুরু হওয়ার পথ প্রশস্ত হলো।
মেধাতালিকার শীর্ষে কারা?
ন্যাশনাল টেস্টিং এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, এবছর মেধাতালিকায় তীব্র প্রতিযোগিতা লক্ষ্য করা গিয়েছে। মোট ১৩৮ জন পরীক্ষার্থী ৭২০-র মধ্যে ৬৯০ বা তার বেশি নম্বর অর্জন করেছেন। এর মধ্যে ৭০০-এর গণ্ডি পেরিয়ে গিয়েছেন ১৯ জন মেধাবী। এবারের নিট পরীক্ষায় ৭১৫ নম্বর পেয়ে যৌথভাবে সর্বোচ্চ স্থান অধিকার করেছেন পঞ্জাবের আরিয়ান গুপ্ত এবং হরিয়ানার পাংশুল বনসল।
পরীক্ষার ফলাফলে আঞ্চলিক বৈচিত্র্যও স্পষ্ট। দেশের ১৭টি রাজ্যের পড়ুয়ারা ৭০০ বা তার বেশি নম্বর পেয়েছেন। ২৬টি রাজ্য থেকে ৬৯০-এর বেশি নম্বর পেয়েছেন ছাত্রছাত্রীরা। সাফল্যের নিরিখে রাজ্যভিত্তিক তালিকার শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ, যেখান থেকে ১.৭ লক্ষেরও বেশি পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। সফল ১৩৮ জন মেধাবী দেশের ৬৬টি শহরের বাসিন্দা, যাদের মধ্যে ৯৩ শতাংশের বেশি পরীক্ষার্থী প্রথমবারই এই পরীক্ষায় অংশ নিয়ে সাফল্য পেয়েছেন। এনটিএ জানিয়েছে, সফলদের ৯৯ শতাংশের বয়স ১৭ থেকে ১৯ বছরের মধ্যে।
নম্বরের ভিত্তিতে মেধাতালিকা:
৭০০-এর বেশি নম্বর: ১৯ জন
৬৫০ বা তার বেশি: ১,৪৯২ জন
৬০০ বা তার বেশি: ১০,১৬০ জন
৫০০ বা তার বেশি: ৯০,৭৮০ জন
কীভাবে দেখবেন ফলাফল?
পরীক্ষার্থীরা এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in-এ গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারবেন। ফলাফল দেখার সহজ পদ্ধতি নিচে দেওয়া হলো:
১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in-এ লগ-ইন করুন।
২. হোমপেজে থাকা ‘NEET UG 2026 Result’ লিঙ্কে ক্লিক করুন।
৩. প্রয়োজনীয় তথ্য হিসেবে অ্যাপ্লিকেশন নম্বর, জন্মের তারিখ এবং সিকিউরিটি পিন সঠিকভাবে দিন।
৪. ‘সাবমিট’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে আপনার স্কোরকার্ড ভেসে উঠবে।
৫. ভবিষ্যতের প্রয়োজনে স্কোরকার্ডটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখুন।
নির্ধারিত সময়ে ফল প্রকাশের ফলে পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চয়তা কাটল এবং সময়মতো ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।