“প্যারাসিটামলও ‘বিষ’!”-১৫৭টি ওষুধ মান পরীক্ষায় ডাহা ফেল, সরকারি রিপোর্টে ফাঁস ভয়ঙ্কর সত্যি!

শরীর খারাপ হলে চিকিৎসকের পরামর্শে চোখ বন্ধ করে আমরা যে ব্র্যান্ডেড ওষুধগুলো কিনি, তা কি আদেও আমাদের সুস্থ করছে? নাকি অজান্তেই আমাদের শরীরকে আরও ঠেলে দিচ্ছে বিপদের মুখে? সাম্প্রতিক একটি সরকারি রিপোর্টে যে তথ্য সামনে এসেছে, তা শুনে দেশের কোটি কোটি মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য।
দেশের সর্বোচ্চ ওষুধ নিয়ামক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)-এর সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে, চলতি বছরের মে মাসে দেশের ১৫৭টি ওষুধের নমুনা গুণগত পরীক্ষায় সম্পূর্ণ অনুত্তীর্ণ বা ফেল করেছে! সবচেয়ে ভয়ের বিষয় হলো, এই তালিকায় রয়েছে জ্বর, ডায়াবেটিস, প্রেশার, গ্যাস এবং কাশির মতো সাধারণ রোগে প্রতিদিন ব্যবহৃত অত্যন্ত জনপ্রিয় কিছু ওষুধ।
কেন পরীক্ষায় ফেল করল এই ওষুধগুলো?
CDSCO প্রতি মাসেই বাজার থেকে বিভিন্ন জীবনদায়ী ওষুধের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করে। মে মাসের রিপোর্টে দেখা গেছে, ১৫৭টি ওষুধই নির্ধারিত মানের চেয়ে অনেক নিচে।
ভুল সংমিশ্রণ: ল্যাব টেস্টে ধরা পড়েছে, কিছু ওষুধে রোগ নিরাময়ের জন্য প্রয়োজনীয় ‘ড্রাগ সল্ট’ সঠিক পরিমাণে ছিল না।
অকার্যকর উপাদান: আবার কোনো কোনো ক্ষেত্রে ওষুধের মূল ফর্মুলাই ভুল ছিল। এর সহজ মানে হলো, রোগীরা যে ওষুধগুলোকে সুস্থ হওয়ার ভরসা ভেবে খাচ্ছেন, সেগুলো শরীরে গিয়ে কোনো কাজই করছে না!
কোন কোন ওষুধ রয়েছে এই ‘ব্ল্যাক লিস্টে’?
রিপোর্ট অনুযায়ী, আমাদের ঘরে ঘরে প্রতিদিন ব্যবহৃত হওয়া বেশ কিছু অতি পরিচিত ওষুধ এই পরীক্ষায় ডাহা ফেল করেছে:
জ্বর ও ব্যথানাশক: প্যারাসিটামল (Paracetamol), ডাইক্লোফেনাক (Diclofenac) এবং ডাইক্লোফেনাক জেল।
কাশি ও শ্বাসকষ্টের ওষুধ: ডেক্সট্রোমেথরফান সিরাপ (Dextromethorphan) এবং টিওট্রোপিয়াম ইনহেলার (Tiotropium Inhaler)।
গ্যাস, ডায়াবেটিস ও ব্লাড প্রেশারের ওষুধেও বড় গলদ!
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কোটি কোটি মানুষ যে গ্যাসের ওষুধ খান, তাও এখন সন্দেহের তালিকায়। রিপোর্টে প্রকাশ:
গ্যাসের ওষুধ: প্যান্টোপ্রাজল (Pantoprazole), ওমেপ্রাজল (Omeprazole) এবং এসোমেপ্রাজল (Esomeprazole)-এর মতো জনপ্রিয় ড্রাগের বেশ কিছু ব্যাচ পরীক্ষায় ফেল করেছে।
ডায়াবেটিস: সুগার নিয়ন্ত্রণের অপরিহার্য ওষুধ মেটফর্মিন (Metformin) এবং গ্লাইমিপিরিড (Glimepiride)।
উচ্চ রক্তচাপ ও হৃদরোগ: প্রেশারের ওষুধ টেলমিসার্টান (Telmisartan), অ্যামলোডিপাইন (Amlodipine) এবং র্যামিপ্রিল (Ramipril)। এর পাশাপাশি রক্ত পাতলা করার অত্যন্ত জরুরি ওষুধ অ্যাসপিরিন (Aspirin 75mg) এবং কোলেস্টেরল কমানোর রোসুভাস্টাটিন (Rosuvastatin)-ও গুণগত মান বজায় রাখতে পারেনি।
নজরে বড় বড় সংস্থাও: এই তালিকায় সিপলা (Cipla) এবং সান ফার্মা (Sun Pharma)-র মতো দেশের প্রথম সারির জায়ান্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানির কিছু মেডিকেল সামগ্রীও রয়েছে বলে জানা গেছে।