পূর্ব মেদিনীপুর পুলিশে বিশাল রদবদল! সরানো হলো লগ্নজিতা ও বিজেপি কর্মীকাণ্ডে বির্তকিত অফিসারদের

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের অন্দরে এক বড়সড় রদবদল ঘটল। মঙ্গলবার রাজ্য পুলিশের পক্ষ থেকে জারি করা দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এসডিপিও, ডিএসপি এবং ইনস্পেক্টর পদমর্যাদার একাধিক আধিকারিককে বদলি করা হয়েছে। তমলুকের এসডিপিও আফজাল আবরারকে পূর্ব বর্ধমানের কালনায় পাঠানো হয়েছে এবং কালনার এসডিপিও শুভদীপ ঘোষ আসছেন তমলুকে।

বিশেষ নজর কেড়েছে বিতর্কিত আধিকারিকদের বদলি। লগ্নজিতা বিতর্কে নাম জড়ানো ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হককে সরিয়ে নন্দীগ্রাম থানায় পাঠানো হয়েছে। তাঁর জায়গায় ভগবানপুরের নতুন ওসি হচ্ছেন প্রলয় চন্দ। অন্যদিকে, বিজেপি কর্মী গ্রেফতারকাণ্ডে নাম জড়ানো নন্দীগ্রামের অফিসার মুকুল মল্লিককে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এগরার এসডিপিও দেবীদয়াল কুণ্ডু পদোন্নতি পেয়ে আইবি-র জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়েছেন। তাঁর জায়গায় আসছেন আবুনুর হোসেন।

জেলার পাঁচটি গুরুত্বপূর্ণ থানা—তমলুক, পাঁশকুড়া, কাঁথি, এগরা এবং তমলুক সাইবার ক্রাইম থানার আইসি পদেও বদল আনা হয়েছে। সুমন বগি (তমলুক), রাহুল দেবনাথ (পাঁশকুড়া), সুদীপকুমার পাল (কাঁথি), বৈদ্যনাথ দাস (এগরা) এবং তাজুল ইসলাম সরকার (সাইবার ক্রাইম) নতুন দায়িত্ব বুঝে নিচ্ছেন। প্রশাসনিক এই রদবদলকে রুটিন বদলি বলা হলেও, রাজনৈতিক মহলে বিতর্কিত অফিসারদের অপসারণ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।