পুজোর মুখে ভয়ঙ্কর দুর্যোগ! উত্তরবঙ্গ ও সিকিমে ফুঁসছে নদী, ধসে প্রাণহানি, পর্যটকদের কপালে চিন্তার ভাঁজ

টানা প্রবল বর্ষণের ফলে সিকিম ও উত্তরবঙ্গের একাধিক জায়গায় দেখা দিয়েছে ভয়াবহ বিপর্যয়। পুজোর মুখে বন্যা ও ভূমিধসের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। শিলিগুড়িতে এক রাতের বৃষ্টিতে মহানন্দা নদীর জল বিপদসীমা ছাড়িয়েছে এবং ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে জল ব্যাপক হারে বেড়েছে। গজলডোবায় তিস্তার জল সেতুর একেবারে কাছাকাছি চলে এসেছে। প্রবল বৃষ্টির কারণে ১০ নম্বর জাতীয় সড়ক তিস্তার জলে ডুবে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। দার্জিলিংগামী রাস্তাতেও জল জমেছে, যার ফলে পর্যটক ও স্থানীয় মানুষ ব্যাপক সমস্যায় পড়েছেন।

অন্যদিকে, উত্তর সিকিমের রিংখোলা ব্রিজের কাছে বিশাল ভূমিধসের কারণে মঙ্গন এবং জঙ্গু যাওয়ার রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ফিদাং থেকে সাংকালাং সংযোগকারী রাস্তার একাংশ ধসে যাওয়ায় গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ। গ্যালশিং জেলার সারদংলামা গ্রামে গত শনিবার সন্ধ্যায় ভূমিধসের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৭ বছর বয়সী রাজেন গুরুং, যিনি স্থানীয় পঞ্চায়েত সভাপতি ছিলেন।

এই পরিস্থিতিতে সিকিম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (SSDMA) এবং জেলা প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। ভূমিধসপ্রবণ এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়াতে, নদীর জলস্তর বা মাটির ফাটলের দিকে নজর রাখতে এবং সরকারি তথ্য অনুসরণ করতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে স্থানীয় ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টারে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।

পুজোর আগে উত্তরবঙ্গ ও সিকিমে এই প্রাকৃতিক বিপর্যয় পর্যটন শিল্পের জন্যও উদ্বেগ বাড়িয়েছে। প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে তৎপর হলেও, আবহাওয়ার উন্নতি না হলে পরিস্থিতি স্বাভাবিক হবে না বলেই মনে করছেন স্থানীয়রা।