পুজোর মুখে নেপালের অস্থিরতা! দুশ্চিন্তায় সিউড়ির নেপালি চিকিৎসক, যোগাযোগ বিচ্ছিন্ন পরিবারের সঙ্গে

নেপালে রাজনৈতিক অস্থিরতা ও কার্ফু জারির কারণে গভীর দুশ্চিন্তায় পড়েছেন পশ্চিমবঙ্গের সিউড়ির পরিচিত চিকিৎসক দিবেশ মারাসিনি। গত ৯ বছর ধরে তিনি বীরভূমের এই শহরে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন। নেপালের বাসিন্দা হওয়ায় এই দুর্গাপূজায় তার নিজের বাড়িতে ফেরার পরিকল্পনা ছিল, কিন্তু দেশের অস্থির পরিস্থিতির কারণে সেই পরিকল্পনা এখন ভেস্তে গেছে।

দিবেশ মারাসিনি জানান, গত কয়েকদিন ধরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পরে বৃহস্পতিবার কোনোমতে তাদের সঙ্গে কথা বলে কিছুটা স্বস্তি পেয়েছেন। নেপালে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন যে, প্রশাসনের নির্দেশে তারা আপাতত ঘরের ভেতরেই নিরাপদে রয়েছেন।

সংবাদমাধ্যমের সামনে দিবেশ বাবু বলেন, “আমি পরিবারের জন্য ভীষণ চিন্তিত। তবে বিশ্বাস রাখি, নেপালের প্রশাসন যা কিছু করবে, তা সাধারণ মানুষের ভালোর জন্যই করবে। আশা করছি, খুব শিগগিরই এই অশান্ত পরিস্থিতির সমাধান হবে।”

তিনি আরও বলেন, সীমান্তে অস্থিরতা থাকলেও নেপালের সাধারণ মানুষ ভারত বিরোধী নয়। দুই দেশের সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ ছিল এবং থাকবে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে বলে তিনি প্রত্যাশা করেন।