পুজোর আগে বড় দুঃসংবাদ! ফের বৃষ্টিতে ভাসতে পারে বাংলা, ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চিন্তায় সবাই

দুর্গাপূজার আগে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। একটি নতুন ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি, এমনকি ভারী বৃষ্টিও হতে পারে। ফলে পুজোর প্রস্তুতিতে আবারও বড় ধাক্কা লাগার আশঙ্কা দেখা দিয়েছে।
হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। শুক্রবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, সক্রিয় মৌসুমী অক্ষরেখাটি এখন শ্রীগঙ্গানগর, বরেলি, পুরুলিয়া এবং দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর সঙ্গে দুটি ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়ায় এই পরিবর্তন এসেছে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে, আর অন্যটি সিকিম ও তার আশপাশের অঞ্চলে। এই জোড়া প্রভাবেই আবারও বৃষ্টির দাপট বাড়বে।
বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ছিল। তবে বৃষ্টির কারণে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।