পাকিস্তানে বন্যা ও মুষলধারে বৃষ্টির তাণ্ডব! ২৬ জনের মৃত্যুর খবরে কাঁপছে খাইবার পাখতুনখোয়া

পাকিস্তানে অবিরাম মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৬ জন নিহত এবং ৩৩ জনেরও বেশি আহত হয়েছেন। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকটি এলাকায় উদ্ধার অভিযান চলছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, খাইবার পাখতুনখাওয়ায় ১৮ জন এবং পাঞ্জাবের গুজরানওয়ালা, নারোয়াল, পাকপত্তন ও লাহোরে আটজন মারা গেছেন। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু ও নারী রয়েছেন। ছাদ বা দেয়াল ধসে এবং আকস্মিক বন্যার কারণে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে। বুনাইর, সোয়াবি, মারদান, পেশোয়ারসহ বেশ কয়েকটি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রেসকিউ ১১২২ এবং জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে নিয়োজিত রয়েছে।