“পাকিস্তানে ডানা মেলছে হামাস!”-ভারতের জন্য মারাত্মক হুঁশিয়ারি দিলেন ইজরায়েলি রাষ্ট্রদূত

ভারত ও ইজরায়েলে বড়সড় হামলার আশঙ্কা প্রকাশ করে চরম সতর্কবার্তা দিলেন ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার। তাঁর স্পষ্ট দাবি, ইসলামপন্থী সন্ত্রাসবাদী সংগঠনগুলি সরকার ও নিরাপত্তা সংস্থাগুলির চেয়েও দ্রুত গতিতে নিজেদের শক্তিশালী করে তুলছে। তাই এই ক্রমবর্ধমান বিপদের মোকাবিলায় গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও অনেক বেশি সক্রিয় ও দ্রুত পদক্ষেপ করার আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর মন্তব্য করেন ইজরায়েলি রাষ্ট্রদূত। বিশেষ করে FlyDubai বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সন্ত্রাসবাদীরা এবং তাদের মদতদাতারা যে কোনো ফাঁক ফোকড় গলে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ৭ অক্টোবর ইজরায়েল-হামাস সংঘাতের তৃতীয় বর্ষপূর্তির আবহে তাঁর এই মন্তব্য আন্তর্জাতিক মহলে ও নিরাপত্তা মহলে প্রবল চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রাষ্ট্রদূত আজার বিশেষভাবে তুলে ধরেছেন দক্ষিণ এশিয়ায় হামাসের ক্রমবর্ধমান তৎপরতার কথা। তাঁর বিস্ফোরক দাবি, গত এক বছরে হামাসের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন কমান্ডারকে পাকিস্তান ও বাংলাদেশে দেখা গিয়েছে। নাজি জাহির এবং খালেদ আল-কাদুমি নামের হামাস নেতাদের পাকিস্তানের লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মহম্মদের মতো উগ্রপন্থী সংগঠনের অনুষ্ঠানেও দেখা গেছে বলে জানিয়েছেন তিনি। গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, লস্কর জঙ্গিদের হামাসের মতো অপারেশনাল পদ্ধতিতে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। এমনকি ২০২৫ সালের পহেলগাঁওয়ের নাশকতার পিছনেও এই যৌথ প্রভাবের ছায়া দেখছে ইজরায়েল।

এদিকে, ওমানের এক সহ-পাইলট কর্তৃক FlyDubai বিমানটিকে তেল আভিভে ভেঙে ফেলার চাঞ্চল্যকর চক্রান্ত এবং ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারের বীরত্বে তা ভেস্তে যাওয়ার ঘটনাটি নিয়েও শুরু হয়েছে উচ্চপর্যায়ের তদন্ত। অভিযুক্ত পাইলট উগ্র ধর্মীয় মতাদর্শে প্রভাবিত ছিলেন বলেই প্রাথমিক তদন্তে উঠে এসেছে। সবমিলিয়ে, বিশ্বজুড়ে ইসলামপন্থী সন্ত্রাসের পরবর্তী ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে আগাম সতর্ক থাকার বার্তা দিল ইজরায়েল।