পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেললেও হাত মেলাবেন না! টিম ইন্ডিয়ার কড়া বার্তা, বিতর্কের ঝড় দুবাইয়ে

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। তবে ম্যাচের শুরুতেই সৃষ্টি হয়েছে এক নতুন বিতর্ক। বিসিসিআই-এর সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচ খেলতে নামলেও, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আগার সঙ্গে করমর্দন করেননি। এই ঘটনাটি ক্রিকেট থেকে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
কেন হাত মেলালেন না সূর্যকুমার?
ভারতীয় দল সূত্রে জানা গিয়েছে, টসের দু’ঘণ্টা আগেই সূর্যকুমার যাদব টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দেন যে তিনি পাকিস্তানের অধিনায়কের সঙ্গে হাত মেলাবেন না। তবে তিনি দলের অন্য ক্রিকেটারদের এই বিষয়ে কোনও বাধ্যবাধকতা দেননি। ক্রিকেটাররা চাইলে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে পারেন, এই সিদ্ধান্ত তাঁদের ব্যক্তিগত ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন অধিনায়ক।
টসেও এড়িয়ে গেলেন কথা
টসের সময় দুই অধিনায়ক ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী মাঠে উপস্থিত ছিলেন। দুই অধিনায়কই শাস্ত্রীর সঙ্গে কথা বললেও, তাঁরা সরাসরি একে অপরের সঙ্গে কোনো কথা বলেননি। টসের ফলাফল ঘোষণার পর নিজেদের দলের পরিকল্পনা সম্পর্কে শাস্ত্রীর কাছে জানিয়েছেন তাঁরা। টস পর্ব শেষ হওয়ার পর সূর্যকুমার ও সলমন দুই ভিন্ন দিকে হেঁটে চলে যান, কোনো ধরনের শুভেচ্ছা বিনিময়ও করেননি।
এই ঘটনাটি স্পষ্টতই ভারত ও পাকিস্তানের মধ্যে চলতে থাকা রাজনৈতিক উত্তেজনারই প্রতিফলন। ক্রিকেট মাঠের এই ছোট ঘটনাটি দুই দেশের সম্পর্কের বর্তমান পরিস্থিতিকে যেন আরও একবার সবার সামনে তুলে ধরল।