তামিলনাড়ুর রাজনীতিতে এক অভাবনীয় ও ঐতিহাসিক রদবদল ঘটে গেল। অভিনেতা সি জোসেফ বিজয়ের নবগঠিত দল ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ (TVK)-কে সমর্থন দেওয়ার বড় সিদ্ধান্ত নিল কংগ্রেস। মঙ্গলবার দিল্লির রাজনৈতিক অলিন্দ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মূলত “সংবিধান রক্ষা” এবং ধর্মনিরপেক্ষ মূল্যবোধ অক্ষুণ্ণ রাখার স্বার্থেই বিজয়ের পাশে দাঁড়ানোর এই কৌশল নিয়েছে হাত শিবির। আর এই একটি সিদ্ধান্তেই দক্ষিণ ভারতের রাজনীতিতে দীর্ঘ ২২ বছরের ডিএমকে-কংগ্রেস জোটে বড়সড় ফাটল দেখা দিল।
নির্বাচনী ফলাফল অনুযায়ী, ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় বিজয়ের দল টিভিকে একাই ১০৮টি আসন জিতে সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে ম্যাজিক ফিগার ১১৭ থেকে তারা মাত্র ১০টি আসন দূরে ছিল। এই টানাপোড়েনের আবহে কংগ্রেসের ৫টি আসনের সমর্থন বিজয়ের জন্য সঞ্জীবনী সুধা হয়ে দাঁড়িয়েছে। ফলে কংগ্রেসের সমর্থনে টিভিকে-র আসন সংখ্যা দাঁড়াচ্ছে ১১৩। এর পাশাপাশি সিপিআই(এম) (২ আসন), সিপিআই (২ আসন) এবং আইইউএমএল (২ আসন)-ও যদি ধর্মনিরপেক্ষ সরকার গড়ার লক্ষ্যে বিজয়ের পাশে দাঁড়ায়, তবে টিভিকে সহজেই ১১৯-এ পৌঁছে যাবে, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য যথেষ্ট।
মঙ্গলবার নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রাহুল গান্ধী এবং কেসি বেনুগোপাল সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বেনুগোপাল জানান, “বিজয় আমাদের কাছে সমর্থন চেয়েছেন। তিনি বারবার কে. কামরাজের আদর্শের কথা বলেছেন। তামিলনাড়ুর মানুষ একটি ধর্মনিরপেক্ষ সরকারের পক্ষে রায় দিয়েছেন। আমরা কোনোভাবেই বিজেপি বা তাদের সহযোগীদের ক্ষমতা দখল করতে দেব না।”
এদিকে চেন্নাইয়ে টিভিকে-র বিজয়ী প্রার্থীরা সর্বসম্মতভাবে সি জোসেফ বিজয়কে তাঁদের বিধায়ক দলের নেতা নির্বাচিত করেছেন। রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল যে বিজয় হয়তো এআইএডিএমকে-র সঙ্গে জোট করবেন, কিন্তু বিজেপি-বিরোধী অবস্থান এবং দ্রাবিড় পরিচিতি নিয়ে অনড় থাকায় সেই সম্ভাবনা আপাতত নেই। সূত্রের খবর, বুধবারই রাজভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকারের সঙ্গে দেখা করে সরকার গড়ার দাবি জানাতে পারেন বিজয়। সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবারই তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন রুপালি পর্দার এই সুপারস্টার। ডিএমকে-এআইএডিএমকে-র কয়েক দশকের দ্বিমেরু রাজনীতিতে বিজয়ের এই উত্থান ও কংগ্রেসের নয়া সমীকরণ ভারতের জাতীয় রাজনীতিতেও বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।





