পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি! প্রশ্নসংখ্যা কমল, নিট পিজি পরীক্ষার নিয়মে একাধিক বড় বদল আনল কেন্দ্র

দেশজুড়ে নিট পরীক্ষার প্রশ্নফাঁস এবং নানা বিতর্ক নিয়ে চর্চার মধ্যেই চলতি বছরের ‘নিট পিজি’ (NEET PG) পরীক্ষার আগে একগুচ্ছ বড় পরিবর্তনের কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আগামী ৩০ আগস্ট দেশজুড়ে আয়োজন করা হতে চলেছে মেডিক্যালের স্নাতকোত্তরের এই প্রবেশিকা পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধা এবং পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে একাধিক সংস্কারের ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা।

এ বছর দেশের প্রায় ৩৪০টি শহরের ১৩০০টিরও বেশি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে নতুন নিয়মে একঝলকে দেখে নেওয়া যাক কী কী বদল আসছে:

একক শিফটে পরীক্ষা: এবার থেকে সমস্ত পরীক্ষার্থীর জন্য একটি মাত্র শিফটে বা পর্বে পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষাকেন্দ্র চয়ন: প্রার্থীরা এখন নিজেদের পছন্দের রাজ্য অনুযায়ী তিনটি করে শহরের তালিকা পছন্দ হিসেবে বেছে নিতে পারবেন। পরীক্ষা শুরুর প্রায় তিন সপ্তাহ আগে অফিসিয়াল ওয়েবসাইটে ‘টেস্ট-সিটি ইনটিমেশন স্লিপ’ প্রকাশ করা হবে, যাতে যাতায়াত ও থাকার ব্যবস্থা করতে পরীক্ষার্থীদের সুবিধা হয়।

প্রশ্নসংখ্যা কমল: পরীক্ষার্থীদের মানসিক চাপ কমাতে এবং স্বস্তি দিতে নিট পিজি-তে মোট প্রশ্নের সংখ্যা ২০০ থেকে কমিয়ে ১৮০টি করা হয়েছে।

অতিরিক্ত সময়: প্রশ্নের সংখ্যা কমলেও পরীক্ষার জন্য নির্ধারিত মোট সময় আগের মতোই ৩ ঘণ্টা ৩০ মিনিট বা ২১০ মিনিট রাখা হয়েছে। ফলে পরীক্ষার্থীরা প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আগের তুলনায় কিছুটা বেশি সময় পাবেন।

বায়োমেট্রিক ও আধার যাচাই: পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবং জালিয়াতি রুখতে আবেদন প্রক্রিয়া ও পরীক্ষার দিন বায়োমেট্রিক বা আধারের মাধ্যমে তথ্য যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। কোনও কারণে আঙুলের ছাপ না মিললে আইরিস স্ক্যান বা চোখের মণির মাধ্যমে পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিত করা হবে।

প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) তথ্য অনুযায়ী, এ বছর নিট পিজি পরীক্ষার জন্য মোট ২,৭৩,১৮৩ জন পরীক্ষার্থী আবেদন করেছেন, যা গত বছরের তুলনায় প্রায় ১২.৫ শতাংশ বেশি। স্বাস্থ্য মন্ত্রকের এই নতুন সিদ্ধান্ত স্নাতকোত্তর পরীক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমাবে বলে আশা করা হচ্ছে।

tips24desk
  • tips24desk