“আমি বিশ্বাস করি এই সরকার বাকস্বাধীনতা দেবে!” ২০ বছর পর কলকাতায় ফিরে মেগা ঘোষণা তসলিমা নাসরিনের

দীর্ঘ প্রায় দুই দশক বা কুড়ি বছর পর অবশেষে কলকাতায় ফিরেছেন প্রখ্যাত ও বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। ‘সেকুলার মিশন’ নামক একটি সংগঠনের আমন্ত্রণে এবং রাজ্য সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ও নিরাপত্তায় তিনি গত ১ আগস্ট কলকাতায় পা রাখেন। রবীন্দ্র সদনের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর রবিবার, ২ আগস্ট সাংবাদিকদের মুখোমুখি হন তসলিমা। বর্তমান বিজেপি সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় তাঁকে।

সাংবাদিক বৈঠকে বিগত সরকারগুলির সঙ্গে বর্তমান প্রশাসনের তুলনা টেনে তসলিমা বলেন, “তিন সরকারের পার্থক্য তো আছেই। এক সরকার আমায় বের করে দিয়েছিল, আর এক সরকার আসতে দেয়নি। তৃতীয় সরকার আমাকে আসতে দিয়েছে। এখন সেই পার্থক্য না দেখে, এই যে আমি আসতে পারলাম, আমার মনে হয় সেটাকেই উদযাপন করা উচিত। আমি খুবই আনন্দিত যে আমি আসতে পেরেছি। আমি বিশ্বাস করতে চাই, এই সরকার মত প্রকাশের অধিকারে, বাকস্বাধীনতায় বিশ্বাস করে।”

উল্লেখ্য, বাম আমলের শেষ পর্বে ২০০৭ সালে তীব্র প্রতিবাদের মুখে কলকাতা তথা রাজ্য ছাড়তে বাধ্য হয়েছিলেন তসলিমা। পরবর্তীতে তৃণমূল জমানার দীর্ঘ ১৪ বছরেও তাঁর কলকাতা প্রবেশের ওপর নিষেধাজ্ঞা বহাল ছিল। অবশেষে রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন ও বর্তমান সরকার আসার পরই তাঁর ফেরার পথ প্রশস্ত হয়।

১ আগস্টের সংবর্ধনা অনুষ্ঠানে তসলিমার হাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তসলিমার ফেরার পর মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “যেখানে সংবিধানের প্রতিটা স্তম্ভ সুরক্ষিত, সেই পশ্চিমবঙ্গে সবার আসার সুযোগ রয়েছে। সবার বাকস্বাধীনতা রয়েছে। আজকের এই ঘটনা প্রমাণ করেছে নতুন সরকারের হাতে বাংলার মৌলিক অধিকার সম্পূর্ণ সুরক্ষিত।” পাশাপাশি, লেখিকাকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী আরও যোগ করেন যে, এই রাজ্যে তসলিমার সুরক্ষার সম্পূর্ণ দায়িত্ব তাঁর নিজের। দীর্ঘ নির্বাসন কাটিয়ে প্রগতিশীল তিলোত্তমা নগরীতে তসলিমার এই প্রত্যাবর্তন এবং প্রশাসনের এই সহযোগিতাপূর্ণ মনোভাবকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজনৈতিক মহলে চলছে ব্যাপক চর্চা।

tips24desk
  • tips24desk