পথকুকুর নিয়ে বিতর্কের মধ্যেই জলাতঙ্কে মৃত্যু ৪ বছরের এক শিশুর, ৪ মাসে আগে হামলা চালায় সারমেয়র দল

পথকুকুর সংক্রান্ত বিতর্ক যখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু, তখন কর্ণাটকের দেবাঙ্গিরিতে এক চার বছরের শিশুর জলাতঙ্কে মৃত্যু সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। গত এপ্রিল মাসে পথকুকুরের কামড়ে গুরুতর আহত হয়েছিল শিশুটি। মঙ্গলবার বেঙ্গালুরুর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত শিশুটির নাম খাদিরা বানু। গত এপ্রিল মাসে সে বাড়ির সামনে খেলার সময় একদল পথকুকুর তাকে কামড়ে দেয়। তার মুখ ও শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত সৃষ্টি হয়। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বেঙ্গালুরুর রাজীব গান্ধী হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন হঠাৎ তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং শারীরিক পরীক্ষা করে জানা যায় সে জলাতঙ্কে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

মৃত শিশুর কাকা সাজিদ জানান, খাদিরার চিকিৎসার জন্য তারা প্রায় ৯-১০ লক্ষ টাকা খরচ করেছেন, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি অভিযোগ করেন, দেবাঙ্গিরিতে পথকুকুরের সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে চলেছে, কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তিনি বলেন, “খাদিয়ার সঙ্গে যা ঘটেছে, তা যেন আর কারও সঙ্গে না ঘটে।”

সুপ্রিম কোর্টের নির্দেশের পর দেশজুড়ে পথকুকুর নিয়ে যে বিতর্ক চলছে, তার মাঝেই এই মর্মান্তিক ঘটনাটি সরকারের দায়িত্ব ও পথকুকুর ব্যবস্থাপনার ওপর নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।