বাইক বা গাড়ি নিয়ে রাস্তায় বেরোলে পেট্রোল পাম্পে যাওয়াটা আমাদের নিত্যদিনের অভ্যাস। কিন্তু আপনি কি জানেন, পেট্রোল পাম্প মানেই কেবল জ্বালানি কেনা নয়? গ্রাহকদের স্বার্থে এবং সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি পাম্পে এমন কিছু পরিষেবা রয়েছে যা পেতে আপনাকে এক পয়সাও খরচ করতে হবে না। অথচ সচেতনতার অভাবে আমরা অনেকেই এই সুবিধাগুলি গ্রহণ করি না।
দেখে নিন, পেট্রোল পাম্পে কোন পরিষেবাগুলো আপনি পুরো ফ্রি পাবেন:
১. চাকার হাওয়া (Free Air)
গাড়ির চাকার হাওয়া কমে গেছে? তেল ভরুন বা না ভরুন, যেকোনো পাম্পেই আপনি বিনামূল্যে চাকায় হাওয়া ভরে নিতে পারেন। প্রতিটি পাম্পে ইলেকট্রনিক এয়ার ফিলিং মেশিন এবং সাহায্য করার জন্য কর্মী থাকা বাধ্যতামূলক।
২. পানীয় জল (Drinking Water)
তীব্র গরমে তেষ্টা পেয়েছে? পাম্পে গিয়ে স্বচ্ছ পানীয় জলের দাবি করতে পারেন। প্রতিটি পাম্পে আরও (RO) সিস্টেম বা ওয়াটার কুলার থাকা এবং তা সচল রাখা মালিকের দায়িত্ব।
৩. শৌচাগার ব্যবহার (Restrooms)
রাস্তায় বেরোলে শৌচাগারের প্রয়োজন হলে নির্দ্বিধায় পেট্রোল পাম্পে যান। এটি জনগণের ব্যবহারের জন্যই তৈরি এবং এর জন্য কোনো টাকা নেওয়া বেআইনি। এমনকি আপনি সেই পাম্প থেকে তেল না কিনলেও এই পরিষেবাটি পেতে পারেন।
৪. ইমার্জেন্সি কল (Free Call)
আপনার ফোনটি বন্ধ বা কোনো বিপদে পড়েছেন? পেট্রোল পাম্পে গিয়ে জরুরি ফোন কল করার সুবিধা নিতে পারেন। পাম্পের কর্মী বা মালিক আপনাকে ফোন করতে দিতে বাধ্য।
৫. প্রাথমিক চিকিৎসা (First Aid Kit)
ছোটখাটো দুর্ঘটনা বা অসুস্থতায় প্রাথমিক চিকিৎসার জন্য প্রতিটি পাম্পে ফার্স্ট এইড কিট থাকা জরুরি। ব্যান্ডেজ বা প্রয়োজনীয় জরুরি ওষুধের জন্য আপনি কোনো টাকা না দিয়েই সাহায্য চাইতে পারেন।
৬. অগ্নি নির্বাপণ ব্যবস্থা (Fire Safety)
পাম্পে দাহ্য পদার্থ থাকায় আগুনের ঝুঁকি থাকে। তাই পর্যাপ্ত অগ্নিনির্বাপক সিলিন্ডার এবং বালতি ভর্তি বালি রাখা বাধ্যতামূলক, যা বিপদের সময় যে কেউ ব্যবহার করতে পারেন।
পরিষেবা না পেলে কী করবেন?
যদি কোনো পেট্রোল পাম্প এই সুবিধা দিতে অস্বীকার করে বা টাকা দাবি করে, তবে আপনি চুপ করে থাকবেন না।
সরাসরি পাম্পের মালিকের কাছে নালিশ জানান।
সরকারি পোর্টাল pgportal.gov.in-এ গিয়ে অনলাইনে অভিযোগ নথিভুক্ত করুন।





