নেটফ্লিক্স থেকে উধাও অজিতের ‘গুড ব্যাড আগলি’! মাত্র ৪ মাসেই কেন সরিয়ে নেওয়া হলো ছবিটি?

বক্স অফিসে ২৫০ কোটি টাকার বেশি আয় করে ঝড় তোলা তামিল সিনেমা ‘গুড ব্যাড আগলি’ নিয়ে এবার নতুন বিতর্ক। মুক্তির চার মাসের মধ্যেই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স থেকে ছবিটি সরিয়ে নেওয়া হয়েছে। ১৭ সেপ্টেম্বর থেকে ভারতে ছবিটি আর দেখা যাচ্ছে না। কোনো গ্রাহক ছবিটি দেখতে গেলে একটি ত্রুটির বার্তা দেখাচ্ছে।
জানা গেছে, প্রখ্যাত সুরকার ইলাইয়ারাজার আইনি পদক্ষেপের কারণেই এই ঘটনা ঘটেছে। ছবিতে তার তিনটি গান, ‘Ottha Ruba Tharen’, ‘En Jodi Manja Kuruvi’ এবং ‘Ilamai Idho Idho’ অবৈধভাবে ব্যবহারের অভিযোগ এনে তিনি ছবির প্রযোজনা সংস্থা Mythri Movie Makers-এর বিরুদ্ধে মামলা করেন। এর আগেও এপ্রিল মাসে তিনি প্রযোজকদের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছিলেন এবং গানগুলো ছবি থেকে সরিয়ে ফেলার দাবি জানিয়েছিলেন।
চলতি মাসের শুরুতে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন সেন্থিলকুমার গানগুলো নিয়ে ছবিটি প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের এই নির্দেশের পরেই নেটফ্লিক্স তাদের প্ল্যাটফর্ম থেকে ছবিটি সরিয়ে নিয়েছে। যদিও নেটফ্লিক্স বা ছবির নির্মাতারা এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
তবে, ছবির প্রযোজনা সংস্থা Mythri Movie Makers-এর ইয়ালমানচিলি রবি শঙ্কর এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমরা ছবিতে ব্যবহৃত গানগুলোর জন্য প্রয়োজনীয় সব মিউজিক লেবেলের কাছ থেকে অনুমতি নিয়েছিলাম। লেবেলগুলোর অধিকার আছে, তাই আমরা প্রোটোকল মেনে তাদের কাছ থেকে NOC নিয়েছি। আমরা সব নিয়ম মেনেই কাজ করেছি।”
অধিক রবিচন্দ্রান পরিচালিত ‘গুড ব্যাড আগলি’ ছবিতে অজিত কুমার ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ত্রিষা কৃষ্ণন, অর্জুন দাস, প্রভু এবং জ্যাকি শ্রফ। বহু বছর পর অ্যাকশন কমেডি ঘরানার ছবিতে অজিতের এই প্রত্যাবর্তন দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল।