নাবালকদের সুরক্ষায় বড়সড় পদক্ষেপ নিল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এবার থেকে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য কন্টেন্ট রেকমেন্ডেশন পদ্ধতিতে আমূল পরিবর্তন আনল মেটা। আগে ১৩ বছর বয়সীদের ক্ষেত্রেও প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট সাজেস্ট করা হতো, যা নিয়ে বিশ্বজুড়ে দীর্ঘদিনের বিতর্ক ছিল। সেই বিতর্ক মেটাতেই এবার নতুন ‘রিয়েল টাইম কন্টেন্ট ফিল্টারিং’ চালু করল সংস্থাটি।
নতুন পলিসি অনুযায়ী, যৌন উস্কানিমূলক কন্টেন্ট, ড্রাগ বা গাঁজা সেবনের দৃশ্য, অশালীন ভাষা এবং ঝুঁকিপূর্ণ গাড়ির স্টান্ট ১৮ বছরের নিচে কেউ দেখতে পাবে না। ইনস্টাগ্রাম নিজে থেকেই এই সেটিংস কার্যকর করবে। কোনো অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারী যদি এই সেটিংস পরিবর্তন করতে চায়, তবে তার জন্য অভিভাবকের সরাসরি অনুমতি বা ‘পেরেন্টাল কনসেন্ট’ বাধ্যতামূলক করা হয়েছে।
ইনস্টাগ্রাম তাদের ব্লগ পোস্টে জানিয়েছে, অ্যাডাল্ট কন্টেন্ট শেয়ার করা অ্যাকাউন্টগুলোকে এখন থেকে নাবালকদের কাছে সাজেস্ট করা হবে না। এমনকি তারা এমন কোনো অ্যাকাউন্ট ফলো করতে চাইলেও বিধিনিষেধের মুখে পড়বে। ফিড, স্টোরি এবং কমেন্ট—সব জায়গাতেই AI প্রযুক্তির মাধ্যমে কড়া নজরদারি চালানো হবে। শিশুমনে সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব রুখতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।





