নস্ট্যালজিয়া ফিরছে ইলেকট্রিক অবতারে! ৩০ জুন বিশ্ব কাঁপাতে আসছে টাটা সিয়েরা ইভি

নব্বইয়ের দশকের রাজপথের রাজা ‘টাটা সিয়েরা’ আবার ফিরে আসছে, তবে এবার একেবারে নতুন এবং আধুনিক ইলেকট্রিক অবতারে। ভারতীয় অটোমোবাইল বাজারে ইলেকট্রিক গাড়ির চাহিদা তুঙ্গে। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই টাটা মোটরস তাদের অন্যতম প্রতীক্ষিত ইলেকট্রিক এসইউভি সিয়েরা বিশ্বজুড়ে লঞ্চ করতে চলেছে আগামী ৩০ জুন। নব্বইয়ের দশকে সিয়েরা যে দাপট দেখিয়েছিল, তার আধুনিক সংস্করণ ঘিরে গাড়িপ্রেমিদের মধ্যে প্রত্যাশা এখন তুঙ্গে।

নতুন সিয়েরা ইভি-র ডিজাইনে এক অনন্য আভিজাত্য ফুটিয়ে তোলা হয়েছে। এর সামনের অংশে রয়েছে আকর্ষণীয় কানেক্টেড এলইডি হেডল্যাম্প এবং বন্ধ ফ্রন্ট গ্রিল, যা গাড়িটিকে একটি ফিউচারিস্টিক লুক দিয়েছে। এর পাশাপাশি, গাড়ির সিগনেচার রিয়ার গ্লাস ডিজাইন বজায় রাখা হয়েছে, যা পুরনো নস্ট্যালজিয়াকে ফিরিয়ে আনবে। গাড়ির অন্দরমহল বা ইন্টেরিয়রও হবে অত্যন্ত অত্যাধুনিক। শোনা যাচ্ছে, ড্যাশবোর্ডে তিনটি স্ক্রিন—একটি ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ড্রাইভার স্ক্রিন এবং দুটি ১২.৩ ইঞ্চির ইনফোটেইনমেন্ট স্ক্রিন থাকতে পারে। এছাড়া প্রিমিয়াম অভিজ্ঞতার জন্য থাকবে প্যানোরামিক সানরুফ, ভেন্টিলেটেড সিট, হেড-আপ ডিসপ্লে এবং একটি হাই-এন্ড প্রিমিয়াম সাউন্ড সিস্টেম।

টাটার নিজস্ব উন্নত ইলেকট্রিক প্ল্যাটফর্মে তৈরি এই গাড়িটি ৬৫ kWh এবং ৭৫ kWh—এই দুটি শক্তিশালী ব্যাটারি অপশনে আসতে পারে। একবার ফুল চার্জে এটি ৫০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। গ্রাহকদের পছন্দ অনুযায়ী গাড়িটি রিয়ার-হুইল ড্রাইভ এবং অল-হুইল ড্রাইভ—উভয় অপশনেই পাওয়া যাবে। বিশেষ করে ৭৫ kWh ব্যাটারি এবং অল-হুইল ড্রাইভ মডেলটি পারফরম্যান্সের দিক থেকে বাজারে নতুন মাইলফলক তৈরি করতে পারে।

ভারতের ইলেকট্রিক এসইউভি বাজারে সিয়েরা ইভি বেশ কঠিন প্রতিযোগিতার মুখে পড়বে। মহেন্দ্র-এর বিই.০৬, হুন্ডাই ক্রেটা ইলেকট্রিক, এমজি জেডএস ইভি এবং মারুতি ইভিটারা-র মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিতেই টাটা তাদের এই প্রিমিয়াম এসইউভি বাজারে আনছে। টাটা মোটরসের এই নতুন ইলেকট্রিক এসইউভি-র সম্ভাব্য এক্স-শোরুম দাম ১৮ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকার মধ্যে হতে পারে। ৩০ জুন বিশ্ব বাজারে লঞ্চ হওয়ার পর থেকেই এটি ভারতীয় সড়কগুলোতে নতুন বিপ্লব ঘটাবে বলে মনে করছেন অটো বিশেষজ্ঞেরা।