নবরাত্রির গরবা অনুষ্ঠানে ডিম-হামলা! মহাষ্টমীর রাতে মহারাষ্ট্রে চরম বিতর্ক, কোন সন্দেহে মামলা দায়ের?

নবরাত্রির মহাষ্টমীর রাতে ফের গরবা অনুষ্ঠানকে কেন্দ্র করে চরম বিতর্কের সৃষ্টি হলো। মহারাষ্ট্রের থানের মীরা রোড এলাকার কাশিগাঁও-এর একটি আবাসন সোসাইটিতে গরবা অনুষ্ঠান চলাকালীন আকাশ থেকে ডিম (Egg) পড়ার ঘটনায় সাময়িকভাবে গরবার তালে ছেদ পড়ে। অংশগ্রহণকারীদের অভিযোগ, কেউ ইচ্ছাকৃতভাবে ডিম ফেলে ‘পবিত্র’ গরবার অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করেছে।

সন্দেহের কেন্দ্রে এক ব্যক্তি
বুধবার পুলিশ জানিয়েছে, ঘটনায় ক্ষোভে ফুঁসছেন গরবা অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। মহাষ্টমীর রাত ১০.৫০ নাগাদ কিছু বাসিন্দা ১৬ তলা থেকে কিছু ছুঁড়ে মারতে দেখেন। ঘটনাস্থলে উপস্থিত দুই মহিলা পুলিশ সদস্যের কাছে একটি ভাঙা ডিম দেখতে পান তাঁরা।

গরবায় অংশগ্রহণকারীদের অভিযোগ, ঘটনার কিছুক্ষণ আগে সন্দেহভাজন ওই ব্যক্তিকে ঘটনাস্থলে দেখা গিয়েছিল। তিনি তাঁর মোবাইল ফোন দিয়ে গানের ডেসিবেলের মাত্রা পরীক্ষা করছিলেন এবং গরবার ভিডিও করছিলেন। পুলিশের এক কর্মকর্তা জানান, শব্দের উদ্বেগের কথা উল্লেখ করে তিনি বেশ কয়েকবার পুলিশকে ফোন করে অনুষ্ঠান বন্ধ করার জন্য অনুরোধ করেছিলেন।

মামলা দায়ের, পুলিশি তদন্ত শুরু
ঘটনার পরেই ক্ষুব্ধ বাসিন্দারা কাশিগাঁও থানায় ছুটে যান এবং ওই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অবাঞ্ছিত পরিস্থিতি এড়াতে আবাসনে অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, বুধবার ভোরে সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ধারা ৩০০-এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই ধারায় ‘ধর্মীয় উপাসনা বা অনুষ্ঠান পালনে আইনত জড়িত কোনও সমাবেশে স্বেচ্ছায় বিঘ্ন সৃষ্টি করা’-র অভিযোগ আনা হয়েছে।

এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তবে পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।

প্রসঙ্গত, চলতি বছর নবরাত্রি শুরুর আগে থেকেই গরবা অনুষ্ঠান একাধিকবার বিতর্কের শিরোনামে এসেছে। এর আগে মহারাষ্ট্রের গরবা অনুষ্ঠানে ‘কেবলমাত্র হিন্দুদের প্রবেশাধিকার’ এবং ভাদোদরায় ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় দম্পতির চুম্বনকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছিল।