নজিরবিহীন রায় হাইকোর্টের! পকসো মামলায় জেলবন্দি অভিযুক্ত শিক্ষককে SSC- দেওয়ার অনুমতি

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এক নজিরবিহীন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পকসো মামলায় জেলবন্দি এক প্রাক্তন শিক্ষককে এসএসসি-র (SSC) নতুন নিয়োগ পরীক্ষায় বসার অনুমতি দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিংহ এই নির্দেশ দেন এবং কারা কর্তৃপক্ষকে বন্দি অবস্থাতেই তাঁর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেন।

ঠিক কী কারণে এই রায়?
২০১৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মাধ্যমিক স্তরের শিক্ষক হিসেবে চাকরি পেয়েছিলেন আব্দুস সাত্তার। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁর নিয়োগ বাতিল হয়ে যায়। তবে তিনি এসএসসি-র ‘দাগি’ তালিকায় না থাকায় ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়ানোর অনুমতি পান।

২০২৪ সালে একটি পকসো মামলায় তাঁর নাম জড়ানোর পর থেকে তিনি জেলবন্দি। আব্দুস সাত্তারের আইনজীবীর দাবি, স্থানীয় এক তৃণমূল নেতার চক্রান্তে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাঁর মক্কেল সম্পূর্ণ নির্দোষ।

হাইকোর্টে কেন আবেদন?
নতুন নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের পর আব্দুস সাত্তার তাতে বসার আবেদন জানান এবং অ্যাডমিট কার্ডও পান। কিন্তু জেলবন্দি থাকায় কারা কর্তৃপক্ষ তাঁকে পরীক্ষায় বসার অনুমতি দেয়নি। এরপরই তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।

বিচারপতি অমৃতা সিংহ তাঁর আবেদনে সাড়া দিয়ে নির্দেশ দেন, কারা কর্তৃপক্ষকেই তাঁকে পরীক্ষাকেন্দ্রে হাজির করানোর দায়িত্ব নিতে হবে। যদিও তাঁর জামিনের আবেদন এখনও মঞ্জুর হয়নি, তবে আদালতের এই নির্দেশে তিনি অন্তত পরীক্ষা দেওয়ার সুযোগ পেলেন।

এই রায় নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ঘটনা। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ কতটা সত্যি আর কতটা ষড়যন্ত্র, তা এখনো দেখার অপেক্ষা।