ধর্ষণের অভিযোগে জনপ্রিয় টেলিভিশন অভিনেতা আশিস কাপুর গ্রেফতার

পুলিশ সূত্রে জানা গেছে, গত মাসে দিল্লিতে একটি পার্টিতে এই ঘটনা ঘটে। অভিযোগকারিনী জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আশিস কাপুরের সঙ্গে তার পরিচয় হয়। গত ২ আগস্ট আশিস তাকে এক বন্ধুর বাড়িতে আয়োজিত একটি পার্টিতে আমন্ত্রণ জানান। সেই পার্টি চলাকালীন আশিস তাকে জোর করে শৌচালয়ে নিয়ে যান এবং তার উপর নির্যাতন চালান। এই ঘটনার পর তিনি গত ১১ আগস্ট আশিসের বিরুদ্ধে দিল্লির সিভিলস লাইন্স থানায় একটি এফআইআর দায়ের করেন।
সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীর বয়ান থেকে জানা যায়, আশিস এবং অভিযোগকারিনী একসঙ্গে শৌচালয়ে প্রবেশ করেছিলেন এবং দীর্ঘ সময় ধরে সেখানে ছিলেন। তাদের মধ্যে তর্কাতর্কির আওয়াজও শোনা গিয়েছিল। অভিযোগ দায়ের হওয়ার পর আশিস কাপুর পুণের উদ্দেশ্যে দিল্লি ছেড়ে পালিয়ে যান। এরপর একাধিক পুলিশ দলের সম্মিলিত তল্লাশির পর পুণে থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিসিবি নর্থ রাজা বান্থিয়া আশিসের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। আশিস কাপুর একজন পরিচিত টেলিভিশন অভিনেতা এবং তার অভিনীত ‘সসুরাল সিমর কা ২’, ‘সাথ ফেরে – সালোনি কা সফর’ এবং ‘সরস্বতী চন্দ্র’-এর মতো শো বেশ জনপ্রিয়। ২০২১ সালে প্রযোজক পার্ল গ্রে-এর সঙ্গে তার বাগদান হলেও এক বছরের মধ্যে তা ভেঙে যায়।